বন্দর (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
নারায়ণগঞ্জের বন্দরে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সাহায্যে ভুয়া ভিডিও তৈরি করে এক প্রবাসী স্বামীর অ্যাকাউন্ট হ্যাক করে স্ত্রীর কাছ থেকে দুই লাখ ৯০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে একটি প্রতারক চক্র। স্বামীকে পুলিশে ধরার নাটক সাজিয়ে তার স্ত্রীর কাছ থেকে বিকাশের মাধ্যমে দফায় দফায় এ টাকা হাতিয়ে নেয় প্রতারক চক্রটি। এ ঘটনায় প্রতারণার শিকার প্রবাসীর স্ত্রী রুজিনা আক্তার বাদি হয়ে বৃহস্পতিবার বন্দর থানায় একটি মামলা করেছেন।
ভুক্তভোগী রুজিনা আক্তার জানান, তার স্বামী দীর্ঘ দিন ধরে প্রবাসে কর্মরত আছেন। গত ১ মে হঠাৎ করেই তার স্বামীর ইমু অ্যাকাউন্টটি হ্যাক করে প্রতারক চক্র। এরপর ইমু থেকে রুজিনাকে জানানো হয় যে, তার স্বামীকে পুলিশ গ্রেফতার করেছে। শুধু তাই নয়, সত্যতা প্রমাণ করতে এআই প্রযুক্তির মাধ্যমে হুবহু স্বামীর অবয়ব ও কণ্ঠস্বর নকল করে তৈরি করা একটি ভুয়া ভিডিও পাঠানো হয়।
ভিডিও দেখে আতঙ্কিত হয়ে পড়েন রুজিনা। চক্রটি স্বামীকে পুলিশ থেকে মুক্ত করার কথা বলে প্রথমে ৬৩ হাজার টাকা দাবি করে। স্বামীকে বিপদ থেকে বাঁচাতে রুজিনা সরল বিশ্বাসে প্রতারকদের দেয়া বিকাশ নম্বরে দুই দফায় ৬৩ হাজার টাকা পাঠিয়ে দেন। কিন্তু এখানেই ক্ষান্ত হয়নি প্রতারকরা। এরপর স্বামীকে ছাড়ানোর কথা বলে আরো এক লাখ টাকা দাবি করা হয়। নিরুপায় হয়ে রুজিনা তিন দফায় সেই এক লাখ টাকাও বিকাশের মাধ্যমে পাঠান। পরবর্তী সময়ে একইভাবে আরো এক লাখ টাকা দাবি করলে তাও পরিশোধ করেন তিনি। এভাবে মোট দুই লাখ ৯০ হাজার টাকা হাতিয়ে নেয়ার পর প্রতারক চক্রটি হুট করে সবধরনের যোগাযোগ বন্ধ করে দেয়। পরে রুজিনা তার স্বামীর খোঁজ নিয়ে জানতে পারেন তিনি সুস্থ ও নিরাপদে আছেন এবং পুরো বিষয়টি একটি সাজানো নাটক ছিল। এরপর তিনি মামলা করেন।
এ বিষয়ে বন্দর থানার ওসি গোলাম মোক্তার আশরাফউদ্দিন জানান, ‘প্রযুক্তির অপব্যবহার করে প্রবাসীর স্ত্রীর সাথে প্রতারণার ঘটনায় একটি মামলা হয়েছে। চক্রটিকে চিহ্নিত করে আইনের আওতায় আনতে এবং টাকা উদ্ধারে পুলিশ ইতোমধ্যে কাজ শুরু করেছে।



