জনকল্যাণে যোগাযোগ অবকাঠামোর উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ : ডা: তাহের

Printed Edition
কুমিল্লার চৌদ্দগ্রামে সড়কের নির্মাণকাজের উদ্বোধন শেষে দোয়ায় অংশ নেন বিরোধী দলীয় উপনেতা ডা: আব্দুল্লাহ মোহাম্মদ তাহের : নয়া দিগন্ত
কুমিল্লার চৌদ্দগ্রামে সড়কের নির্মাণকাজের উদ্বোধন শেষে দোয়ায় অংশ নেন বিরোধী দলীয় উপনেতা ডা: আব্দুল্লাহ মোহাম্মদ তাহের : নয়া দিগন্ত

চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা

জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ও জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির ডা: সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, একটি শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। উন্নয়ন তখনই অর্থবহ হয়, যখন তা মানুষের জীবনমানের উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলে।

গতকাল কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শাহ ফখর উদ্দিন সড়কের উদ্বোধন উপলক্ষে আয়োজিত পৃথক তিনটি পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মুন্সীরহাট ইউনিয়নের দেড়কোটা বাজার, চিওড়া ইউনিয়নের ধোড়করা বাজার এবং সন্ধ্যায় আলকরা ইউনিয়নের কুলাসার দাখিল মাদরাসা মাঠে পৃথকভাবে এ পথসভা অনুষ্ঠিত হয়।

ডা: তাহের আরো বলেন, জনগণের কল্যাণ ও এলাকার সার্বিক উন্নয়নে যোগাযোগ অবকাঠামোর উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। শাহ ফখর উদ্দিন সড়ক উদ্বোধনের মাধ্যমে এ অঞ্চলের মানুষের যাতায়াত ব্যবস্থা সহজ হবে এবং ব্যবসা-বাণিজ্যসহ অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার হবে।

তিনি বলেন, সুশাসন, জবাবদিহিতা ও জনকল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে একটি বৈষম্যহীন, মানবিক ও কল্যাণমুখী সমাজ গড়ে তুলতে হবে। এ জন্য সব শ্রেণি-পেশার মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

এলাকার মাদক ও কিশোর গ্যাং সম্পর্কে তিনি বলেন, চৌদ্দগ্রামকে সুন্দর ও উন্নত করে গড়ে তুলতে মাদক ও কিশোর গ্যাংদের প্রতিরোধে অভিভাবক ও যুবসমাজসহ সবাইকে সোচ্চার হতে হবে।

পথসভায় আরো বক্তব্য দেন জামায়াতের কুমিল্লা দক্ষিণ জেলা আমির অ্যাড: মুহাম্মদ শাহজাহান, চৌদ্দগ্রাম উপজেলা আমির মাহফুজুর রহমান, সাবেক আমির ভিপি সাহাব উদ্দিন, চৌদ্দগ্রাম পৌর আমির মাওলানা ইব্রাহীম, উপজেলা সেক্রেটারি বেলাল হোসাইন, এলজিইডির চৌদ্দগ্রাম উপজেলা প্রকৌশলী মো: মনিরুজ্জামান, সাবেক ইউপি চেয়ারম্যান মোস্তাফা নুরুজ্জামান খোকন প্রমুখ।