বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে সুস্থ রাজনীতির আহ্বান ড. মোশাররফের

Printed Edition

রাজনৈতিক প্রতিহিংসা ও ভয়ের রাজনীতির বিপরীতে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার রাজনৈতিক চর্চা চালুর আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন এমপি। তিনি বলেন, দেশের মানুষ পরিবর্তন চায় এবং এই নতুন ধারার সুস্থ রাজনীতির প্রতি জনগণের পূর্ণ সমর্থন রয়েছে। মঙ্গলবার কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাস স্টেশন সংলগ্ন পেন্নাই ঈদগাহে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক বর্ণাঢ্য র‌্যালিপূর্ব বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ১৯৭৮ সালের এই দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। তৎকালীন একদলীয় শাসনব্যবস্থার অবসান ঘটিয়ে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় সেদিনের সেই সিদ্ধান্ত ছিল একটি ঐতিহাসিক পদক্ষেপ। বিএনপি প্রতিষ্ঠার মাধ্যমে দেশে সংবাদপত্রের স্বাধীনতা ও নাগরিকদের মৌলিক অধিকার ফিরে এসেছিল।

তিনি অভিযোগ করে বলেন, বিগত সরকার দুঃশাসন, জুলুম ও নিপীড়ন চালিয়ে দেশের গণতন্ত্র ও অর্থনীতিকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। সেই অবস্থা থেকে উত্তরণ ঘটাতে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। সামাজিক অপরাধ ও দুর্নীতির বিরুদ্ধে সরকার যে কঠোর অবস্থান ও নীতি গ্রহণ করেছে, জনগণ ইতোমধ্যে তার সুফল পেতে শুরু করেছে। দেশের অগ্রগতি নিশ্চিত করতে সুস্থ রাজনীতির ধারায় শামিল হতে তিনি সবার প্রতি আহ্বান জানান।

কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ আবুল হাশেমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দলের কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো: সেলিম ভূঁইয়া এমপি এবং জাতীয় নির্বাহী কমিটির সদস্য আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন। তারা দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে দেশের উন্নয়ন ও গণতন্ত্র পুনর্গঠনে কাজ করার আহ্বান জানান।

সমাবেশ শেষে দাউদকান্দি, মেঘনা ও তিতাস উপজেলা এবং পৌর বিএনপির হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। এর আগে সকালে ড. খন্দকার মোশাররফ হোসেন দাউদকান্দি বাজারে উপজেলা ও পৌর বিএনপির চারতলা বিশিষ্ট নতুন কার্যালয় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। বিজ্ঞপ্তি