আর্জেন্টিনা কি পারবে ফিফা র‌্যাংকিংয়ের ‘অভিশাপ’ ভাঙতে

Printed Edition

ক্রীড়া ডেস্ক

বিশ্বকাপের ঠিক আগে আবারো ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষে উঠে এসেছে আর্জেন্টিনা। প্রস্তুতি ম্যাচে ফ্রান্সের অপ্রত্যাশিত হার এবং স্পেনের ড্রয়ের ফলে বর্তমান রিয়েল-টাইম র‌্যাংকিংয়ে লিওনেল স্কালোনির দল ১ নম্বরে অবস্থান করছে। তবে এই অর্জনের সাথে জড়িয়ে আছে একটি অস্বস্তিকর পরিসংখ্যান, যা ফুটবল বিশ্বে অনেকের কাছে ‘ফিফা র‌্যাংকিংয়ের অভিশাপ’ নামে পরিচিত।

প্রস্তুতি ম্যাচে আইভরি কোস্টের কাছে ২-১ গোলে হেরেছে ফ্রান্স। অন্যদিকে ইরাকের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে স্পেন। এই দুই ফলের পর র‌্যাংকিংয়ে বড় পরিবর্তন এসেছে। ১৮৭৪.৮১ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্জেন্টিনা, ১৮৭৩.০১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে স্পেন এবং ১৮৬৯.৪৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে নেমে গেছে ফ্রান্স। শীর্ষ পাঁচে থাকা বাকি দুই দল হলো ইংল্যান্ড ও পর্তুগাল।

বিশ্বকাপের আগে আরো দু’টি প্রীতিম্যাচ খেলবে আর্জেন্টিনা। তাই ১০ জুন আনুষ্ঠানিক র‌্যাংকিং প্রকাশের আগে অবস্থানে কিছুটা পরিবর্তন আসার সুযোগ থাকলেও বর্তমানে শীর্ষস্থান দখল করে রেখেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

তবে ইতিহাস বলছে, বিশ্বকাপের আগে ফিফা র‌্যাংকিংয়ের ১ নম্বর দল হওয়া সবসময় সুখবর নয়। ১৯৯৩ সালে ফিফা র‌্যাংকিং চালু হওয়ার পর এখন পর্যন্ত কোনো দলই র‌্যাংকিংয়ের শীর্ষে থেকে বিশ্বকাপ শুরু করে শেষ পর্যন্ত শিরোপা জিততে পারেনি।

১৯৯৪ সালে ১ নম্বর দল হিসেবে বিশ্বকাপে গিয়েছিল জার্মানি, চ্যাম্পিয়ন হয়েছিল ব্রাজিল। ১৯৯৮ সালে শীর্ষে ছিল ব্রাজিল, কিন্তু ফাইনালে হেরে যায় ফ্রান্সের কাছে। ২০০২ সালে র‌্যাংকিংয়ের শীর্ষে থাকা ফ্রান্স গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়। ২০০৬ ও ২০১০ সালে ১ নম্বর থাকা ব্রাজিলও শিরোপা জিততে পারেনি।

২০১৪ সালে শীর্ষ দল হিসেবে বিশ্বকাপ খেলতে নেমে গ্রুপ পর্ব থেকেই ছিটকে যায় স্পেন। ২০১৮ সালে একই পরিণতি হয় জার্মানির। আর ২০২২ বিশ্বকাপে ১ নম্বর দল ব্রাজিল কোয়ার্টার ফাইনালে বিদায় নিলেও চ্যাম্পিয়ন হয়েছিল তৃতীয় স্থানে থাকা আর্জেন্টিনা।

ফলে বিশ্বকাপের আগে আবার শীর্ষে ওঠা আর্জেন্টিনার জন্য যেমন আত্মবিশ্বাসের খবর, তেমনি ইতিহাসের এই অদ্ভুত পরিসংখ্যানও আলোচনায় চলে এসেছে। এখন দেখার বিষয়, লিওনেল মেসিদের দল কি ২০২৬ বিশ্বকাপে র‌্যাংকিংয়ের শীর্ষ দল হিসেবে খেলেও শিরোপা জিতে এই দীর্ঘ দিনের ‘অভিশাপ’ ভাঙতে পারে, নাকি ইতিহাস আবারো নিজের পুনরাবৃত্তি ঘটায়।