নয়া দিগন্ত ডেস্ক
ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণ, আমানতের নিরাপত্তা, গ্রাহকদের স্বার্থ সুরক্ষা, এস আলম ও তার সহযোগীদের বয়কট এবং গ্রাহকদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে সোমবার দেশের বিভিন্ন জেলায় কলম বিরতি, মানববন্ধন, অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। ঢাকা, বরিশাল, বগুড়া, সিলেট, দিনাজপুর, শরীয়তপুর, যশোর, কুমিল্লাসহ বিভিন্ন এলাকায় ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে এসব কর্মসূচিতে গ্রাহক, ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, ব্যবসায়ী, পেশাজীবী ও স্থানীয় সচেতন নাগরিকরা অংশ নেন। বক্তারা ব্যাংকটির প্রতি গ্রাহকদের আস্থা ধরে রাখতে দ্রুত কার্যকর পদক্ষেপ, নবনিযুক্ত বর্তমান চেয়ারম্যান খুরশিদ আলমের অপসারণ, সাবেক ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক খানকে পুনর্বহাল এবং ব্যাংক খাতের অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান।
ঢাকা জেলা প্রতিনিধি জানান, কেরানীগঞ্জের কদমতলী চৌরাস্তা এলাকায় সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দুই ঘণ্টার কলম বিরতি ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়। ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে গ্রাহক প্রতিনিধি লুৎফর রহমানসহ বক্তারা বলেন, ইসলামী ব্যাংক দেশের লাখো গ্রাহকের আস্থা ও বিশ্বাসের প্রতীক। ব্যাংকের স্বচ্ছতা, জবাবদিহিতা ও আমানতের নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন। আয়োজকদের দাবি, ব্যাংকের অধিকাংশ কর্মকর্তা-কর্মচারী কলম বিরতিতে সংহতি জানান। একই দাবিতে জেলার নবাবগঞ্জ, দোহার, সাভার ও ধামরাই উপজেলাতেও কর্মসূচি পালিত হয়েছে।
বরিশাল ব্যুরো জানায়, নগরীর বগুড়া রোড শাখার সামনে সকাল ১০টায় বিক্ষোভ সমাবেশ ও কলম বিরতি পালন করেন গ্রাহকরা। গ্রাহক ফোরামের আহ্বায়ক প্রফেসর মোহাম্মদ আব্দুর রবের সভাপতিত্বে বক্তারা ইসলামী ব্যাংকের নবনিযুক্ত চেয়ারম্যান খুরশিদ আলমের অপসারণ ও ব্যাংকটিকে দখলমুক্ত রাখার দাবি জানান। গ্রাহকদের দুই ঘণ্টা লেনদেন থেকে বিরত থাকার আহ্বানে ব্যাংকের কার্যক্রম বন্ধ থাকে বলে আয়োজকরা দাবি করেন। কর্মসূচি থেকে আট দফা দাবি তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে ওমর ফারুক খানকে স্বপদে পুনর্বহাল, এএমডি কামাল উদ্দিন জসীমকে বহিষ্কার, বাংলাদেশ ব্যাংকের গভর্নরের হস্তক্ষেপ বন্ধ, এস আলমকে দেশে ফিরিয়ে বিচার এবং ইসলামী ব্যাংকিং খাত ধ্বংসের পাঁয়তারা বন্ধ করা।
বগুড়া অফিস জানায়, ইসলামী ব্যাংকের বগুড়া ও বড়গোলা শাখার সামনে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কলম বিরতি ও অবস্থান কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে বক্তব্য দেন গ্রাহক ফোরামের সভাপতি অ্যাডভোকেট শাহীন মিয়া, সদস্য সচিব আজগর আলী, আইনজীবী আল আমীন তরফদার, অধ্যক্ষ ইকবাল হোসেন, বুলবুলি খাতুন ও শাহনেওয়াজ রেবা। বক্তারা বলেন, দলীয়ভাবে নিয়োগ পাওয়া চেয়ারম্যানকে বহাল রাখলে ব্যাংকটি আবারো লুটপাটের মুখে পড়বে এবং সাধারণ মানুষের আমানত অনিরাপদ হবে।
সিলেট ব্যুরো জানায়, সিলেট নগরীর তালতলা, জিন্দাবাজার, লালদিঘীরপাড়, আম্বরখানা, দক্ষিণ সুরমা, শাহপরান ও শিবগঞ্জ শাখার সামনে পৃথক অবস্থান কর্মসূচি পালন করে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম। বিভিন্ন শাখা-উপশাখার সামনেও সমাবেশ হয়। জিন্দাবাজারে মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ারের সভাপতিত্বে বক্তব্য দেন অধ্যক্ষ আবদুল্লাহ আল মাহমুদ ও অধ্যক্ষ জিল্লুর রহমান। দক্ষিণ সুরমায় ইঞ্জিনিয়ার শাহজাহান কবির রিপনের সভাপতিত্বে কর্মসূচি পালিত হয়। অন্য শাখাগুলোতে অ্যাডভোকেট আব্দুল খালিক, অ্যাডভোকেট ইয়াসীন খান, মাওলানা ইসলাম উদ্দিন, মাওলানা জুনাইদ আল হাবীব, সাবেক কাউন্সিলর সোহেল আহমদ রিপন, শাহেদ আলী, নাসির উদ্দিন চৌধুরী ও মাওলানা সাইফুল ইসলাম বক্তব্য দেন। বক্তারা বলেন, ইসলামী ব্যাংক নিয়ে ষড়যন্ত্র হলে সচেতন গ্রাহকরা ঘরে বসে থাকবেন না।
দিনাজপুর প্রতিনিধি জানান, ইসলামী ব্যাংক দিনাজপুর শাখার সামনে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কলম বিরতি কর্মসূচি পালন করা হয়। সচেতন গ্রাহক ফোরামের সদস্য সচিব আব্দুর রাজ্জাকের নেতৃত্বে গ্রাহক ও সচেতন নাগরিকরা আমানতকারীদের স্বার্থ রক্ষায় কার্যকর পদক্ষেপের দাবি জানান। বক্তারা বিতর্কিত নেতৃত্বের অপসারণ, আমানতের নিরাপত্তা নিশ্চিত এবং ব্যাংক খাতের দুর্নীতিবাজ চক্রের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
শরীয়তপুর প্রতিনিধি জানান, ইসলামী ব্যাংক শরীয়তপুর শাখার সামনে সকাল ১০টায় সাধারণ গ্রাহকদের উদ্যোগে মানববন্ধন হয়। বক্তারা ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক খানকে পুনর্বহাল এবং এস আলমকে দেশে ফিরিয়ে বিচার কার্যকর করার দাবি জানান। কর্মসূচিতে সচেতন গ্রাহক ফোরামের সভাপতি মো: শাহ জাহজালাল চৌধুরী, ডা: আবদুস ছাত্তারসহ অন্যরা বক্তব্য দেন।
বেনাপোল সংবাদদাতা জানান, যশোরের বেনাপোলে ইসলামী ব্যাংকের সামনে চেয়ারম্যান খুরশিদ আলমের অপসারণ ও আমানত সুরক্ষার দাবিতে মানববন্ধন হয়েছে। ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের আয়োজনে কর্মসূচিতে জামায়াতের বেনাপোল থানা আমির রেজাউল ইসলাম ও সেক্রেটারি মোহাম্মদ ইউসুফ আলী উপস্থিত ছিলেন। বক্তারা চেয়ারম্যান অপসারণ না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন। এ সময় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের এক ঘণ্টার কর্মবিরতির আহ্বান জানানো হয়।
সাভার সংবাদদাতা জানান, সাভার সিটি সেন্টারের সামনে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মানববন্ধন ও দুই ঘণ্টার কলম বিরতি পালন করা হয়। গ্রাহক ফোরামের প্রতিনিধি দল শাখা ব্যবস্থাপকের সাথে সাক্ষাৎ করে কলম বিরতির আহ্বান জানায়। বক্তারা বলেন, ব্যাংকের স্বচ্ছতা, জবাবদিহিতা ও আমানতের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। বক্তব্য দেন গ্রাহক মোক্তার হোসেনসহ অন্যরা।
বুড়িচং সংবাদদাতা জানান, কুমিল্লার বুড়িচং উপজেলার বসুন্ধরা চত্বরে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের মানববন্ধন অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মাওলানা জাকারিয়া খানের সভাপতিত্বে বক্তারা এস আলমকে দেশে ফিরিয়ে বিচার এবং পাচার হওয়া অর্থ ফেরত আনার দাবি জানান।
মেঘনা সংবাদদাতা জানান, কুমিল্লার দাউদকান্দি পৌরসভা ও গৌরীপুর শাখায় সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রতীকী কর্মবিরতি ও প্রতিবাদ সভা হয়েছে। ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম দাউদকান্দির ব্যানারে আয়োজিত কর্মসূচিতে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ গ্রাহকরা অংশ নেন। তারা বর্তমান চেয়ারম্যানের অপসারণ, আমানতের শতভাগ নিরাপত্তা, ব্যাংকের স্বার্থবিরোধী গোষ্ঠীকে বয়কট এবং গ্রাহকদের ওপর পুলিশি হামলার তদন্ত ও বিচার দাবি করেন।
ধুনট সংবাদদাতা জানান, বগুড়ার ধুনটে ইসলামী ব্যাংক শাখার সামনে মানববন্ধন ও এক ঘণ্টা অবস্থান কর্মসূচি পালিত হয়। গ্রাহক ফোরামের সভাপতি রেজাউল করিম, সহসভাপতি আব্দুল করিম ও সেক্রেটারি মাহমুদ আলম লেবু বক্তব্য দেন। বক্তারা বলেন, ইসলামী ব্যাংক কোনো দল বা ব্যক্তির ব্যাংক নয়; এটি দেশ ও মানুষের ব্যাংক। ব্যাংক নিয়ে দুর্নীতি হলে প্রতিবাদ অব্যাহত থাকবে।



