গাজীপুর মহানগর প্রতিনিধি
টঙ্গীর তিলারগাতি এলাকায় আদালতের নির্দেশ অমান্য করে জোরপূর্বক অন্যের বাড়ি ভেঙে রাস্তা নির্মাণের ভিডিও ধারণ করতে গিয়ে হামলার শিকার সাংবাদিক লিটন মিয়ার ঘটনার চার দিন পেরিয়ে গেলেও এখনো মামলা নেয়নি পুলিশ।
জানা যায়, তিলারগাতি এলাকার ব্রেনস্ট্রোকে আক্রান্ত শরীফ উদ্দিন ও সৌদি প্রবাসী আবুল বাশারের বাড়ির স্থায়ী অবকাঠামো ভেঙে নতুন রাস্তা তৈরির চেষ্টা চালায় অভিযুক্তরা। আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গত ২৭ জুলাই দুপুরে ব্যক্তিগত সুবিধার জন্য জোরপূর্বক বালু ফেলার সময় তথ্য সংগ্রহ করতে গেলে অভিযুক্ত ব্যক্তিরা সাংবাদিক লিটন মিয়ার ওপর হামলা চালান। এ সময় তার ক্যামেরা ও নগদ টাকা ছিনতাই এবং মোবাইল ভাঙচুর করা হয়। উল্টো অভিযুক্ত পক্ষ সাংবাদিকের বিরুদ্ধে নারীদের দিয়ে থানায় মারধরের মিথ্যা অভিযোগ দেয়।
এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, এ ঘটনায় পৃথক পাঁচটি অভিযোগ জমা পড়েছে। প্রতিটি অভিযোগ তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে। আপাতত একটি জিডি করা হয়েছে।
উল্লেখ্য, বিগত সরকারের আমলে নিজের বাড়ি দখল ও নির্যাতনের শিকার হয়ে ন্যায়বিচার বঞ্চিত হয়ে পেশা হিসেবে সাংবাদিকতাকে বেছে নেন লিটন মিয়া। বর্তমানে তিনি দৈনিক নবজীবন পত্রিকার বিশেষ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।



