মাদারীপুরে আগুনে পুড়ল ১০ লাখ টাকার মালামাল

Printed Edition

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরে আগুনে পুড়ে গেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) একটি গুদাম। এতে প্রায় ১০ লাখ টাকার তি হয়েছে বলে দাবি করেছেন সংশ্লিষ্ট ডিলার। গতকাল বৃহস্পতিবার ভোররাতে সদর উপজেলার চরমুগরিয়া এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জানা গেছে, চরমুগরিয়া এলাকার টিসিবি ডিলার ইসমাইল মোল্লার গুদামে হঠাৎ আগুন দেখতে পান স্থানীয়রা। আশপাশের লোকজন প্রথমে আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হন। মাদারীপুর ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই গুদামে থাকা চাল, ভোজ্যতেল, ডাল ও চিনিসহ বিপুল পরিমাণ মালামাল পুড়ে ছাই হয়ে যায়। বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।

তিগ্রস্ত ব্যবসায়ী ইসমাইল মোল্লা বলেন, দুই দিন আগে টিসিবির বিপুল পরিমাণ খাদ্যপণ্য গুদামে এনে রাখা হয়েছিল, যা সাধারণ মানুষের মধ্যে বিতরণ করার কথা ছিল। মাদারীপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক শেখ মোহাম্মদ আহাদুজ্জামান জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত বলে মনে হচ্ছে। মাদারীপুর সদর ইউএনও ওয়াদিয়া শাবাব বলেন, কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে এবং প্রকৃত য়তির পরিমাণ কত, তা নির্ধারণে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। সরকারি পণ্য পুড়ে যাওয়ার পেছনে কোনো নাশকতা রয়েছে নাকি এটি সাধারণ দুর্ঘটনা; তা খতিয়ে দেখা হচ্ছে।