শ্রীমঙ্গলে হারমোনি ফেস্টিভ্যাল শুরু

Printed Edition

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) সংবাদদাতা

পর্যটন শিল্পের বিকাশ ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংস্কৃতি তুলে ধরতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘হারমোনি ফেস্টিভ্যাল সিজন-২’। বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উদ্যোগে আজ শুক্রবার উপজেলার ফুলছড়া চা-বাগান মাঠে এই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। ২১ জুন পর্যন্ত প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে।

উৎসব উপলে গতকাল বৃহস্পতিবার দুপুরে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের সভাকে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে বিস্তারিত তথ্য তুলে ধরেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পরিচালক (যুগ্ম সচিব) সালেহা বিনতে সিরাজ। সংবাদ সম্মেলনে জানানো হয়, শ্রীমঙ্গলে বসবাসরত ২৮টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক পরিবেশনার পাশাপাশি উৎসবে বাঙালি সংস্কৃতির উপস্থাপনা থাকবে। মেলার স্টলগুলোতে তাদের উৎপাদিত পণ্য, ঐতিহ্যবাহী পোশাক, খাবার ও জীবনধারা প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে। এবারের অন্যতম আকর্ষণের মধ্যে রয়েছে খাসিয়াদের পান প্রস্তুতি, ত্রিপুরা ও মণিপুরীদের তাঁতশিল্প এবং কুমার সম্প্রদায়ের মাটির জিনিসপত্র তৈরির লাইভ প্রদর্শনী।