আলজাজিরা
আলবেনিয়ার রাজধানী তিরানায় প্রধানমন্ত্রী এদি রামার কার্যালয়ের সামনে সরকারবিরোধী বিক্ষোভে সহিংসতা ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার রাতে পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পানি কামান ও টিয়ার গ্যাস ব্যবহার করে। বিক্ষোভকারীরা পুলিশের দিকে মলোটভ ককটেল ও ফ্লেয়ার ছুড়ে মারে। পার্লামেন্ট ভবনের কাছেও সংঘর্ষের খবর পাওয়া গেছে।
পুলিশ জানিয়েছে, অন্তত ১৬ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ঘটনাস্থল থেকে ১৩ জনকে বন্দী করা হয়েছে। তবে আহতদের মধ্যে পুলিশ নাকি বিক্ষোভকারীতা স্পষ্ট নয়। সাম্প্রতিক মাসগুলোতে আলবেনিয়ায় একের পর এক সরকারবিরোধী বিক্ষোভ চলছে। নভেম্বর মাসে উপপ্রধানমন্ত্রী ও জ্বালানি ও অবকাঠামো মন্ত্রী বেলিন্দা বালুকুর বিরুদ্ধে সরকারি নির্মাণ প্রকল্পে দুর্নীতির অভিযোগ ওঠে। তাকে সাময়িক বরখাস্ত করা হলেও পরের মাসে প্রধানমন্ত্রী রামার অনুরোধে পুনর্বহাল করা হয়। বিক্ষোভকারীরা রামা ও বালুকুর পদত্যাগ দাবি করছে। তারা সংসদে বালুকুর দায়মুক্তি বাতিল করে বিচার প্রক্রিয়া শুরুর আহ্বান জানিয়েছে।
মঙ্গলবারের বিক্ষোভে এক হাজার ৩০০ পুলিশ মোতায়েন করা হয়। এর দুই সপ্তাহ আগে তিরানায় আরেকটি সহিংস বিক্ষোভ হয়েছিল। বিক্ষোভের ডাক দেন বিরোধী ডেমোক্র্যাটিক পার্টির নেতা ও সাবেক প্রধানমন্ত্রী সালি বেরিশা। তিনি বলেন, আলবেনিয়ায় একটি শান্তিপূর্ণ গণ-আন্দোলন শুরু হয়েছে। রাজনৈতিক বিশ্লেষক মেন্টর কিকিয়া বলেন, আলবেনিয়ার শাসক ও বিরোধী উভয় পক্ষই দুর্নীতির অভিযোগে জর্জরিত। জনগণ বারবার কম খারাপকে বেছে নিয়ে বড় খারাপকে ক্ষমতা থেকে সরিয়েছে। এখন ধারণা হচ্ছে, রামা দুর্নীতির কারণে ক্ষমতা ছাড়লে বেরিশা আবার ফিরবেন, যিনি নিজেও দুর্নীতির অভিযোগে অভিযুক্ত।



