জাবি প্রতিনিধি
পরিবেশ সংরক্ষণ ও সবুজ ক্যাম্পাস গড়ে তোলার লক্ষ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) উদ্যোগে বিশ্ববিদ্যালয়জুড়ে বৃক্ষরোপণ ও গাছ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচির আওতায় বিভিন্ন আবাসিক হল, বিভাগ ও সামাজিক সংগঠনের মধ্যে এক হাজার ফলদ ও ঔষধি গাছ বিতরণ করা হয়। পাশাপাশি ক্যাম্পাসের বিভিন্ন স্থানে বৃক্ষরোপণও করা হয়।
গত বুধবার বিকেলে জাকসু ভবনের সামনে কর্মসূচির উদ্বোধন করেন জাকসুর সহসভাপতি (ভিপি) আব্দুর রশিদ জিতু। তিনি বলেন, পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় সচেতনতার পাশাপাশি বাস্তব উদ্যোগ প্রয়োজন। এ কর্মসূচি সেই প্রচেষ্টার অংশ। তিনি ক্যাম্পাসের পরিবেশ ও লেক সংরক্ষণে চলমান কাজ দ্রুত বাস্তবায়নেরও আহ্বান জানান।
জাকসুর সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ের সবুজ পরিবেশ ধরে রাখতে অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি বৃক্ষ সংরক্ষণেও সমান গুরুত্ব দিতে হবে। তিনি জানান, ব্র্যাকের সহযোগিতায় পূর্বে প্রায় দুই হাজার বৃক্ষরোপণের ধারাবাহিকতায় এবার জাকসুর উদ্যোগে আরো এক হাজার ফলদ ও ঔষধি গাছ বিতরণ ও রোপণ করা হচ্ছে।
জাকসুর পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণবিষয়ক সম্পাদক সাফায়েত মীর জানান, ২১টি হল সংসদ এবং কয়েকটি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের মধ্যে আম, জাম, নিম, পেয়ারা, আমলকী, জলপাইসহ বিভিন্ন প্রজাতির গাছ বিতরণ করা হয়েছে। তিনি গাছের পরিচর্যা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।
কর্মসূচিতে জাকসুর নেতারা, বিভিন্ন বিভাগ, আবাসিক হল সংসদ এবং সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।



