চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুরের হাইমচর উপজেলায় যৌতুকের টাকা না দেয়ায় নূর নাহার (১৮) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্বামী ও শাশুড়িকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার সকালে জিজ্ঞাসাবাদের জন্য নূর নাহারের স্বামী রনি ভূঁইয়াকে পুলিশ হেফাজতে নেয়। পরে তার মাকে আটক করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ২ নম্বর উত্তর আলগী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা খোকন ভূঁইয়ার বড় ছেলে অটোরিকশাচালক নীরব হোসেন রনি ভূঁইয়ার সাথে প্রায় এক বছর আগে প্রেমের সম্পর্কের মাধ্যমে নোয়াখালীর সেনবাগ উপজেলার বাসিন্দা নূর নাহারের বিয়ে হয়। তাদের সংসারে বর্তমানে সাত মাস বয়সী একটি কন্যাসন্তান রয়েছে।
নূর নাহারের মায়ের দাবি, গত মঙ্গলবার রাত ১টার দিকে মেয়ের মৃত্যুর খবর তাদের জানানো হয়। রাতেই হাইমচরে আসা সম্ভব না হওয়ায় বুধবার সকালে পরিবারের সদস্যরা সেখানে পৌঁছান। স্বামীর পরিবারের পক্ষ থেকে ঘটনাটিকে আত্মহত্যা বলা হলেও নূর নাহারের বাবা-মা এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে অভিযোগ করেছেন।
নূর নাহারের মা অভিযোগ করেন, তার জামাতা মাদকাসক্ত ছিলেন এবং বিভিন্ন সময় মাদকের টাকা, স্বর্ণালঙ্কার ও আসবাবপত্রের জন্য চাপ প্রয়োগ করতেন। এসব দাবি পূরণ না করায় মেয়েকে হত্যা করা হয়েছে বলে তিনি দাবি করেন।



