গাজীপুর প্রতিনিধি
গাজীপুরে হাতকড়া খুলে আদালতের গারদখানার সামনে থেকে পালিয়ে যাওয়া ৩২ মামলার আসামি সম্রাট মণ্ডলকে (২৮) গ্রেফতার করেছে র্যাব সদস্যরা। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় র্যাব-১ গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার ক্যাপ্টেন ইফতেখার আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে সোমবার বেলা ২টার দিকে গাজীপুর আদালতের গারদখানার (রিসিভ ডেস্কের) সামনে সিরিয়ালে দাঁড় করিয়ে রাখার সময় সম্রাট মণ্ডল কৌশলে হাতকড়া খুলে দৌড়ে পালিয়ে যায়।
সম্রাট জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার তাকতাপাড়া গ্রামের দুলাল মণ্ডলের ছেলে। সে গাজীপুর মহানগরীর গাছা থানাধীন কলমেশ্বর (কুনিয়া মধ্যপাড়া) চৌধুরী মার্কেট এলাকায় বসবাস করত। সোমবার রাত ১২টার দিকে ময়মনসিংহের কোতোয়ালি থানার কাশর এলাকা থেকে র্যাব-১ গাজীপুর এবং র্যাব-১৪ ময়মনসিংহের যৌথ আভিযানিক দল তাকে গ্রেফতার করে।
র্যাব কর্মকর্তা ক্যাপ্টেন ইফতেখার আহমেদ জানান, সোমবার বেলা ২টার দিকে গাজীপুর আদালতের গারদখানার সামনে থেকে আসামি সম্রাট ‘দৌড়ে পালিয়ে যায়। পরে উপ-পরিদর্শক (এসআই) মঞ্জরুল ইসলাম গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপির) সদর থানায় মামলা (নং-৩৮) দায়ের করেন। ঘটনাটি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে র্যাব-১ (পোড়াবাড়ী ক্যাম্প) বিষয়টি আমলে নিয়ে ছায়া তদন্ত শুরু করে। পরে র্যাব সদর দফতরের গোয়েন্দা শাখার সহযোগিতায় গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-১৪ ময়মনসিংহের সহযোগিতায় জেলার কোতোয়ালি থানার কাশর এলাকায় অভিযান চালিয়ে করে সম্রাট মণ্ডলকে ১০ ঘণ্টার মধ্যে গ্রেফতার করে।
রোববার রাতে কুনিয়া মধ্যপাড়া (চৌধুরী মার্কেট) এলাকার ইব্রাহিমের ৮ তলা ভাড়া বাসা থেকে সম্রাট মণ্ডলকে ও তার সহযোগী আলামিন ইসলাম (৩৮), শহীদুল @ মনসুর (৪০) এবং আমিন মিয়াকে (২৮) গ্রেফতার করে র্যাব-১ গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের সদস্যরা। পরে তাদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়। সোমবার দুপুরে সম্রাট মণ্ডল হাতকড়া খুলে পালিয়ে যায়। গ্রেফতারকৃত সম্রাট মণ্ডলকে জিজ্ঞাসাবাদ ও পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপির) সদর থানায় হস্তান্তর করা হয়েছে।



