আলজাজিরা
ইরানের ইসলামি বিপ্লবী গার্ডের (আইআরজিসি) সাবেক প্রধান কাসেম সোলাইমানির দুই মেয়ে স্পষ্ট জানিয়েছেন যে, সম্প্রতি যুক্তরাষ্ট্রে গ্রেফতার হওয়া দুই ইরানি নারীর সাথে তাদের পরিবারের কোনো সম্পর্ক নেই। এর আগে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট গ্রেফতারকৃত ওই দুই নারীকে সোলাইমানির ভাতিজি এবং নাতনী হিসেবে শনাক্ত করেছিল।
ইরানের সংবাদ সংস্থা ‘ফার্স নিউজ’-এ শেয়ার করা পোস্টে সোলাইমানির মেয়ে জয়নাব সোলাইমানি বলেন, ‘মার্কিন স্টেট ডিপার্টমেন্টের এই দাবি সম্পূর্ণ মিথ্যা। যুক্তরাষ্ট্রে যাদের গ্রেফতার করা হয়েছে, আমাদের পরিবারের সাথে তাদের কোনো যোগসূত্র নেই।’
সোলাইমানির আরেক মেয়ে নারজেস সোলাইমানিকে উদ্ধৃত করে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ‘আজ পর্যন্ত শহীদ সোলাইমানির পরিবারের কোনো সদস্য কিংবা কোনো নিকটাত্মীয় যুক্তরাষ্ট্রে বসবাস করেননি।’ এর আগে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছিল, হামিদা সোলাইমানি আসফার নামে এক নারী এবং তার মেয়েকে হেফাজতে নেয়া হয়েছে। তাদের গ্রিন কার্ডও বাতিল করা হয়েছে। স্টেট ডিপার্টমেন্টের দাবি অনুযায়ী, হামিদা সোলাইমানি ছিলেন জেনারেল কাসেম সোলাইমানির ভাতিজি। মার্কিন প্রশাসনের পক্ষ থেকে আরও অভিযোগ করা হয় যে, হামিদা সোলাইমানি আসফার ইরান সরকারের কট্টর সমর্থক এবং তিনি ‘মধ্যপ্রাচ্যে মার্কিন সৈন্য ও সামরিক স্থাপনায় হামলার ঘটনাকে উদযাপন’ করেছিলেন। তবে সোলাইমানির মেয়েরা এই পারিবারিক পরিচয়কে সরাসরি নাকচ করে দিলেন।



