নোয়াখালীতে অনলাইন জুয়ায় সর্বস্ব হারাচ্ছেন যুবকরা

Printed Edition

নোয়াখালী অফিস

নোয়াখালীর বিভিন্ন উপজেলায় অনলাইন জুয়ার আসক্তি উদ্বেগজনক হারে বাড়ছে। সংশ্লিষ্টদের মতে, মোবাইলভিত্তিক ক্যাসিনো ও অনলাইন জুয়ার কারণে বহু যুবক আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, যা পরিবার ও সমাজে নেতিবাচক প্রভাব ফেলছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সদর, বেগমগঞ্জ, সোনাইমুড়ী, চাটখিল, সেনবাগ, কোম্পানীগঞ্জ, সুবর্ণচর ও হাতিয়াসহ জেলার বিভিন্ন এলাকায় বিপুলসংখ্যক যুবক অনলাইন জুয়ার সাথে জড়িয়ে পড়েছেন। বিকাশ, নগদ ও রকেটসহ মোবাইল আর্থিক সেবার মাধ্যমে প্রতিদিন বিপুল পরিমাণ অর্থ লেনদেন হচ্ছে বলে অভিযোগ রয়েছে।

সম্প্রতি বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী এলাকার হাজীপুর গ্রামে অভিযান চালিয়ে এক ব্যক্তিকে মোবাইলে অনলাইন জুয়া খেলার সময় আটক করে ভ্রাম্যমাণ আদালত। পরে প্রকাশ্য জুয়া আইনে তাকে দণ্ড ও জরিমানা করা হয়। অভিযানে র‌্যাব-১১-এর একটি দল সহযোগিতা করে।

সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্বরা এ পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের মতে, অনলাইন জুয়ার বিস্তার অব্যাহত থাকলে পারিবারিক অস্থিরতা, সামাজিক অপরাধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে। নোয়াখালী জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা বোরহান উদ্দিন এবং বিএনপি নেতা অ্যাডভোকেট আবদুর রহিম অনলাইন জুয়া নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন। তারা প্রযুক্তিগতভাবে এসব প্ল্যাটফর্ম বন্ধের উদ্যোগ নেয়ারও দাবি জানান।

নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম বলেন, জুয়াড়িদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। সম্প্রতি সুবর্ণচরেও অভিযান চালিয়ে কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির কার্যক্রমও চলমান রয়েছে।