ইতালির সাবেক গুপ্তচর গ্রেফতার

ন্যাটোর গোপন তথ্য রাশিয়ার কাছে পাচার

Printed Edition

দ্য টাইমস

সিনেমার গল্পকেও হার মানানো পন্থায় পার্ক বা বারে গোপনে দেখা করা, ট্র্যাকিং এড়াতে মোবাইল ফোন মাইক্রোওভেনে লুকিয়ে রাখা আর রোমের রাস্তার দেয়ালের ফাটলে মেমোরি কার্ড রেখে তথ্য আদান-প্রদান করতেন ইতালির সাবেক গুপ্তচর গাভিনো রাউল পিরাস (৫৯)। এভাবে ইতালি ও ন্যাটোর অত্যন্ত সংবেদনশীল সামরিক নথি রাশিয়ার কাছে বিক্রি করার অপরাধে সম্প্রতি তাকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ।

পিরাসের পাচার করা তথ্যের তালিকা রোম, ব্রাসেলস ও লন্ডনের নীতিপ্রণেতাদের গভীর উদ্বেগে ফেলেছে। কারণ তিনি ব্রিটিশ গোয়েন্দা সংস্থা ‘এমআই৬’-এর মাঠপর্যায়ের চরদের একটি বিস্তারিত তালিকা রুশদের হাতে তুলে দিয়েছেন। পাশাপাশি, রাশিয়ার তৈরি টি-৯০ ট্যাংকের স্বয়ংক্রিয় মেশিনগান নিয়ে ইতালির গবেষণার গোপন নথিও পাচার করেছেন। এর বাইরে ইউক্রেনকে দেয়া ইতালির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ড্রোন বোট, স্টর্ম শ্যাডো মিসাইল কেনার বিবরণ এবং ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার বিষয়ে রোমের কাছে কী তথ্য আছে- তা জানতে চেয়েছিল রাশিয়া, যার অনেক কিছুই পিরাস সরবরাহ করেছেন। একই সাথে ইতালির কোন কোন গোয়েন্দা রুশ দূতাবাসের ওপর নজর রাখছেন এবং দক্ষিণ ইতালিতে থাকা রাশিয়ার এক চরের ধরা পড়ার ঝুঁকির আগাম সতর্কবার্তা দিয়ে রুশদের নিরাপত্তা নিশ্চিত করতেন তিনি।