ক্রীড়া ডেস্ক
টেস্ট ক্রিকেটের জনপ্রিয়তা বাড়াতে নিরপেক্ষ ভেনু হিসেবে ভারতে ইংল্যান্ডের বিপক্ষে একটি টেস্ট ম্যাচ খেলতে আগ্রহ প্রকাশ করেছে অস্ট্রেলিয়া। এমনটাই জানিয়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা টড গ্রিনবার্গ।
ঐতিহ্যগতভাবে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া কেবল অ্যাশেজ সিরিজেই টেস্টে মুখোমুখি হয়। চার বছর পরপর স্বাগতিক বদল করে দুই দেশেই এই ঐতিহাসিক সিরিজ অনুষ্ঠিত হয়।
তবে ২০২৭ সালের মার্চে দুই দলের প্রথম টেস্ট ম্যাচের ১৫০ বছর পূর্তি উপলক্ষে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) একটি বিশেষ একমাত্র টেস্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে।
এর পাশাপাশি ভবিষ্যতে ভারতের মাটিতে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার একটি টেস্ট আয়োজনের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না ক্রিকেট অস্ট্রেলিয়া।
গ্রিনবার্গ বলেন, ‘এটি আমাদের বর্তমান পরিকল্পনার অংশ নয়। তবে সব ধরনের সম্ভাবনাই বিবেচনার জন্য উন্মুক্ত। এ বিষয়ে আমরা অবশ্যই ইতিবাচকভাবে ভাবতে পারি।’ তবে এমন একটি ম্যাচ আয়োজনের জন্য ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সম্মতি প্রয়োজন হবে। গ্রিনবার্গ জানান, ইসিবি ও বিসিসিআইয়ের সাথে ক্রিকেট অস্ট্রেলিয়ার সম্পর্ক অত্যন্ত ভালো। তার মতে, ভারতের মতো বিশাল ক্রিকেট বাজারে আরো আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের সুযোগ রয়েছে।
ভারতে নিজেদের উপস্থিতি আরো বাড়ানোর উদ্যোগও নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। এর অংশ হিসেবে আগামী ডিসেম্বরে প্রথমবারের মতো দেশের বাইরে অনুষ্ঠিত হবে বিগ ব্যাশ লিগের একটি ম্যাচ। চেন্নাইয়ে মুখোমুখি হবে মেলবোর্ন রেনেগেডস ও পার্থ স্কর্চার্স। এর মাধ্যমে বিশ্বের বৃহত্তম ক্রিকেট বাজারে বিগ ব্যাশের জনপ্রিয়তা বাড়ানোর লক্ষ্য নিয়েছে সংস্থাটি।
সাম্প্রতিক সময়ে টি-২০ ক্রিকেট এবং ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ব্যাপক জনপ্রিয়তার কারণে ভারতে টেস্ট ক্রিকেটের দর্শকসংখ্যা কিছুটা কমেছে। তবে গ্রিনবার্গের বিশ্বাস, ভারতের মাটিতে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যকার একটি টেস্ট ম্যাচ ক্রিকেটপ্রেমীদের ব্যাপক আগ্রহ সৃষ্টি করবে। তিনি বলেন, ‘অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও ভারতের টেস্ট ক্রিকেট এখনো অত্যন্ত শক্তিশালী। বিশ্বের অনেক স্থানের বিপরীতে এই তিন দেশের টেস্ট ক্রিকেট এখনো জনপ্রিয়তা ধরে রেখেছে। আমরা চাই এই সংস্করণকে আরো সমৃদ্ধ ও শক্তিশালী করতে।’



