বিশ্বকাপ-সংক্রান্ত ১১ শতাংশ পোস্টে বর্ণবাদী আক্রমণ : ফিফা

Printed Edition

ক্রীড়া ডেস্ক

ফিফা বিশ্বকাপ ২০২৬ চলাকালে সামাজিক যোগাযোগমাধ্যমে ফুটবলার ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে অপমানজনক ও বিদ্বেষমূলক মন্তব্য উদ্বেগজনকভাবে বেড়েছে। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা জানিয়েছে, টুর্নামেন্টের গ্রুপ পর্বে অনলাইন অপব্যবহারের ঘটনা ২০২২ কাতার বিশ্বকাপের তুলনায় ১৩ গুণ বৃদ্ধি পেয়েছে।

ফিফার সামাজিক যোগাযোগমাধ্যম সুরক্ষা সেবা (এসএমপিএস) গ্রুপ পর্বে ৬০ লাখের বেশি পোস্ট ও মন্তব্য বিশ্লেষণ করে। এর মধ্যে প্রায় ২ লাখ ২৫ হাজার পোস্ট মানব পর্যবেক্ষণের জন্য পাঠানো হয় এবং যাচাই শেষে ৮৯ হাজার পোস্টকে অপমানজনক বা আক্রমণাত্মক হিসেবে চিহ্নিত করা হয়।

ফিফার তথ্য অনুযায়ী, এসব আপত্তিকর কনটেন্টের ১১ শতাংশ ছিল বর্ণবাদী উদ্দেশ্যপ্রণোদিত। কাতার বিশ্বকাপের গ্রুপ পর্বের তুলনায় এই হার ৩ শতাংশ বেশি। সংস্থাটি বলছে, এটি সবচেয়ে আক্রমণাত্মক ও বৈষম্যমূলক অনলাইন কনটেন্ট বৃদ্ধির স্পষ্ট ইঙ্গিত। এসএমপিএস প্রযুক্তিনির্ভর পর্যবেক্ষণ এবং মানব পর্যালোচনার সমন্বয়ে কাজ করে। এর মাধ্যমে বর্ণবাদী, বৈষম্যমূলক ও হুমকিমূলক বার্তা শনাক্ত, সীমিত ও প্রতিরোধ করা হয়। একই সাথে খেলোয়াড় ও দলগুলোর অনুসারীদেরও ক্ষতিকর কনটেন্ট থেকে সুরক্ষা দেয়া হয়। ফিফা জানিয়েছে, প্রায় এক হাজার সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টকে আরো তদন্তের জন্য চিহ্নিত করা হয়েছে এবং শতাধিক ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়ার মতো প্রমাণ সংগ্রহ করা হয়েছে।

সম্প্রতি নেদারল্যান্ড দলের ফুটবলাররা বিশ্বকাপে পেনাল্টি মিস করার পর অনলাইনে বর্ণবাদী আক্রমণের শিকার হন।