সংক্ষিপ্ত সংবাদ

Printed Edition

নীলফামারীতে বিদ্যুৎস্পৃষ্টে দু’জনের মৃত্যু

নীলফামারী সদরে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন একজন। গতকাল বুধবার সকালে সদর উপজেলার কচুকাটা ইউনিয়নের বাবুবাজার এলাকায় এ ঘটনা ঘটে। মৃতরা হলেন- সদরের পঞ্চপুকুর ইউনিয়নের কুঠিপাড়া নদীরপাড় এলাকার মৃত আব্দুর রউফের ছেলে মজিবর রহমান (৫৫) ও কচুকাটা ইউনিয়নের হাজিপাড়া গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে জালাল উদ্দিন (৪৫)। আহত মিঠু ইসলাম (৩৫)। সে ওই ঘটনায় নিহত মজিবর রহমানের ছেলে। এলাকাবাসী জানান, আহত ও নিহতরা পেশায় নির্মাণ শ্রমিক। ঘটনার দিন সকালে উক্ত বাবু বাজার এলাকার একটি পুকুরে বিদ্যুৎচালিত সেচযন্ত্র লাগিয়ে মাছ ধরার জন্য পানি নিষ্কাশন করছিল। সে সময় সেচপাম্পের বিদ্যুতের থ্রি-ফেজ লাইন অরক্ষিত অবস্থায় পানিতে পড়লে বিদ্যুৎস্পৃষ্ট হয় তারা। এতে ঘটনাস্থলেই দু’জন নিহত হন। আহত মিঠু নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নীলফামারী প্রতিনিধি।

চুয়াডাঙ্গায় অভি ফুড প্রোডাক্টসকে জরিমানা

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, ইন্ডাস্ট্রিয়াল লবণ ও টেক্সটাইল কালার ব্যবহারের অভিযোগে চুয়াডাঙ্গার অভি ফুড প্রোডাক্টস নামে একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়। গতকাল চুয়াডাঙ্গা পৌর এলাকার ওই প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মির্জা শহিদুল ইসলাম। অভিযান সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, খাদ্যপণ্যে ইন্ডাস্ট্রিয়াল লবণ ও টেক্সটাইল কালার ব্যবহারসহ বিভিন্ন অনিয়মের অভিযোগের ভিত্তিতে প্রতিষ্ঠানটিতে অভিযান চালানো হয়। জরিমানার অর্থ অনাদায়ে তাকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়। চুয়াডাঙ্গা প্রতিনিধি।

ভালুকায় সাপের দংশনে শিশুর মৃত্যু

ময়মনসিংহের ভালুকায় বিষাক্ত সাপের দংশনে সোলাইমান ফকির নামে (৪) এক শিশুর মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার উপজেলার উথুরা ইউনিয়নের মেনজেনা গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই এলাকার ইব্রাহিম খলিলের ছেলে। পরিবার ও স্থানীয় সূত্র জানায়, ঘটনার সময় নিজ ঘরের মেঝেতে খেলতে ছিল সুলাইমান। তখন তার বাবা খলিল শুয়ে ছিলেন। এ সময় তাকে সাপে ছোবল দিলে সে চিৎকার শুরু করে। তখন তার বাবা ও পরিবারের অন্য সদস্যরা শিশুটির ডান পায়ে সাপে কাটার চিহ্ন দেখতে পান। তাৎক্ষণিকভাবে তাকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে জরুরি বিভাগের চিকিৎসকেরা সুলাইমানকে মৃত ঘোষণা করেন। ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা।

গলাচিপায় আতঙ্কে ব্যবসায়ীরা

একটি সঙ্ঘবদ্ধ চোরের দলের আতঙ্কে রয়েছেন গলাচিপা পৌরবাসী। গত মঙ্গলবার দিবাগত রাতে গলাচিপা কালিবাড়ি মার্কেটের সুভাষ বাবুর জয় স্টোর ও কাপড় পট্টির প্রিয়াংকা ক্লোথ স্টোরে চুরির ঘটনা ঘটে। এ ব্যাপারে দুই মালিক পক্ষ থানায় সাধারণ ডায়েরি করেছে। এতে শহরে ব্যবসায়ীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। জানা গেছে, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী জানান, প্রিয়াংকা ক্লোথ স্টোর থেকে বিভিন্ন আইটেমের কাপর, থ্রিপিস, নগদ টাকা নিয়ে গেছে। এতে তার ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। আর সুভাষ বাবু জানান, আমার নগদ লক্ষাধিক টাকাসহ অন্যান্য মালামাল নিয়ে নিয়ে গেছে। এ ব্যাপারে গলাচিপা থানার ওসি মো: ইমতিয়াজ আহমেদ জানান, এ ঘটনায় পুলিশ তৎপর রয়েছে। শহরে সিসি ক্যামেরা নিয়ে পর্যবেক্ষণ চলছে। কারা এ অপরাধের সাথে জড়িত তাদের বের করে আইনের আওতায় আনা হবে। গলাচিপা (পটুয়াখালী) সংবাদদাতা।

ধনবাড়ীতে মাছ লুটের ঘটনায় মামলা

টাঙ্গাইলের ধনবাড়ীর ধোপাখালী ইউনিয়নের বন্দবেতাল এলাকায় চাঁদা না দেওয়ায় মাছ লুটের ঘটনায় টাঙ্গাইল কোর্টে মামলা দায়ের করার পর থেকেই বিবাদিরা প্রাণনাশের হুমকিতে রয়েছে বলে অভিযোগ করেছেন মামলার বাদি। মামলার বাদি বন্দবেতাল এলাকার বাসিন্দা বৃদ্ধ দরাজ আলী অভিযোগ করে জানান, আমি ও আমার পরিবারের নিজস্ব জমিতে পুকুর খনন করে যুগ যুগ ধরে মাছ চাষ করে আসছি। বিগত আওয়ামী লীগ সরকার দেশ ছাড়ার পর থেকেই কয়েক দফায় অস্ত্রের ভয় দেখিয়ে বিএনপির নাম ভাঙিয়ে দেড় লাখ টাকা চাঁদা নেয় রহিম বাদশা গংরা। হঠাৎ করেই গত ৪ জুন ২৬ইং তারিখে বন্দবেতাল গ্রামের মৃত আব্দুল কদ্দুছের ছেলে আব্দুর রহিম বাদশা গংরা তাদের সন্ত্রাসী দলবল নিয়ে আবারো দুই লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদার টাকা না দেয়ায় অদৃশ্য কোনো প্রভাবে প্রকাশ্য দিবালোকে ওই দিনই বেড় জাল দিয়ে পুকুরের আনুমানিক ২০ লাখ টাকার মাছ ধরে নিয়ে যায়। প্রতিবাদ করতে গেলে প্রাণনাশের হুমকি দেয়। এ ঘটনায় জাতীয় আইনগত সহায়তা কেন্দ্রের ৯৯৯ নাম্বারে কল দিলেও পুলিশ ঘটনাস্থলে আসার কথা বললেও অদৃশ্য কোনো কারণে পুলিশ ঘটনাস্থলে আসেনি। তাই নিরুপায় হয়ে ৮ জুন ২৬ তারিখে টাঙ্গাইল কোর্টে একটি মামলা দায়ের করি। ধনবাড়ী (টাঙ্গাইল) সংবাদদাতা।

আড়াইহাজারে এসআই ক্লোজড

আড়াইহাজার থানার সাব-ইন্সপেক্টর হাসনাঈন আহমেদকে ক্লোজড করা হয়েছে। গত মঙ্গলবার রাতে তাকে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়। দায়িত্ব পালনকালে চাঁদাবাজি, হয়রানি ও বিভিন্ন অনিয়মের অভিযোগ ওঠায় এ ব্যবস্থা নেয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে। আড়াইহাজার থানার ওসি মো: সবজেল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘তাকে ক্লোজড করা হয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে।’পুলিশ সূত্রে জানা গেছে, আড়াইহাজার উপজেলার বিভিন্ন এলাকায় দায়িত্ব পালনকালে মানুষের কাছ থেকে অর্থ আদায়, হয়রানি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ওঠে ওই কর্মকর্তার বিরুদ্ধে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত শুরু হয়। আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা।

ঝালকাঠিতে ইলিশ সম্পদ উন্নয়নে সেমিনার

ঝালকাঠিতে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় বাস্তবায়িত কার্যক্রম পর্যালোচনা ও মূল্যায়নসংক্রান্ত সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা মৎস্য দফতরের আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: মমিন উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোহাম্মদ সাইফুল ইসলাম এবং মৎস্য অধিদফতরের বরিশাল বিভাগের পরিচালকের কার্যালয়ের সিনিয়র সহকারী পরিচালক মো: আনিসুজ্জামান। জেলা মৎস্য কর্মকর্তা মো: এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে জেলার বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তা, মৎস্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, মৎস্যজীবী প্রতিনিধি ও সংশ্লিষ্ট অংশীজনরা অংশ নেন। সেমিনারে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় বাস্তবায়িত বিভিন্ন কার্যক্রম, অর্জন, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি ইলিশ সংরক্ষণে জেলেদের সচেতনতা বৃদ্ধি, অভয়াশ্রম রক্ষা এবং আইন প্রয়োগ জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। ঝালকাঠি প্রতিনিধি।