স্কাই ও বিবিসি
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার যুদ্ধ শুরু হওয়ার পর যুক্তরাজ্যে পেট্রলপাম্প থেকে জ্বালানি চুরির প্রবণতা বেড়েছে। সম্প্রতি প্রকাশিত এক শিল্প বিশ্লেষণে জানা গেছে, বর্তমানে দেশটিতে প্রতিদিন গড়ে প্রায় দুই লাখ পাউন্ড সমপরিমাণ জ্বালানি উধাও বা চুরি হয়ে যাচ্ছে।
যুক্তরাজ্যের জ্বালানি অপরাধ প্রতিরোধ সংস্থা ‘ফোরকোর্ট আই’ জানিয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পরবর্তী পাঁচ মাসে মূল্য পরিশোধ না করে গাড়ি চালিয়ে কেটে পড়ার ঘটনা তার আগের পাঁচ মাসের তুলনায় প্রায় ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। মধ্যপ্রাচ্যে সঙ্ঘাতের কারণে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে টান পড়ায় তেলের বাজারে চরম অস্থিরতা তৈরি হয়েছে, যার প্রভাব পড়ছে যুক্তরাজ্যের সাধারণ গ্রাহকদের ওপর। ফোরকোর্ট আইয়ের তথ্য অনুযায়ী, যুদ্ধ শুরুর পূর্বে যুক্তরাজ্যে দৈনিক গড়ে প্রায় এক লাখ ৩১ হাজার পাউন্ড মূল্যের জ্বালানি চুরি হতো। বর্তমানে সেই পরিমাণ ৪৮ শতাংশ বৃদ্ধি পেয়ে দৈনিক প্রায় এক লাখ ৯৪ হাজার পাউন্ডে গিয়ে ঠেকেছে।



