পল্লবীতে বিএনপি নেতাকে হত্যাচেষ্টায় ল্যাংড়া রুবেলসহ গ্রেফতার ৫

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর পল্লবী এলাকায় বিএনপি নেতা আলমগীর হোসেনকে (৪৫) গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় মূল পরিকল্পনাকারীসহ পাঁচজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃতদের মধ্যে এই মামলার প্রধান আসামি মো: রুবেল ওরফে ল্যাংড়া রুবেল এবং তার সহযোগী বাপ্পা ওরফে শাকিল রয়েছে। গতকাল মঙ্গলবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মো: শফিকুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

ডিএমপি সূত্রে জানা যায়, সোমবার রাতে সাভার, গাজীপুর ও কুষ্টিয়ার বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে ডিবির মিরপুর বিভাগ। গ্রেফতার হওয়া অন্য তিন আসামি হলো- হামিদুর ওরফে মাখন, পারভেজ ও রাব্বি। ডিবি জানিয়েছে, আসামিদের কাছ থেকে একটি পিস্তল, দু’টি গুলি, দু’টি ম্যাগাজিন এবং ঘটনার সময় ব্যবহৃত একটি প্রাইভেট কারসহ দু’টি গাড়ি জব্দ করা হয়েছে। এ ছাড়া তাদের কাছ থেকে এক হাজার পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।

এ দিকে শাহজাহানপুর থানা এলাকায় স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে স্বামী মো: রুবেল মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। পারিবারিক কলহের জেরে সে তার স্ত্রী স্বপ্না খাতুনকে হত্যা করে এবং পরবর্তীতে আদালতে দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করে।

সেনাবাহিনী ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার ভুয়া পরিচয় দিয়ে চাকরি দেয়ার নামে প্রতারণার অভিযোগে নুরুল চৌধুরী নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে ডিবি রমনা বিভাগ। তার কাছ থেকে সেনাবাহিনীর পোশাক, ভুয়া আইডি কার্ড, ওয়াকিটকি এবং ভুয়া নিয়োগপত্র উদ্ধার করা হয়েছে। সে নিজেকে ‘মেজর আল মামুন’ বা ‘কর্নেল নাজিম’ পরিচয় দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিত।