নীলফামারী প্রতিনিধি
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ৩১ দফার অঙ্গীকার থেকে সরে এসেছে। নির্বাচনের আগে বিএনপি বলেছিল জুলাই সনদ বাস্তবায়ন হবে, দেশে সংস্কার নিয়ে আসবে। নির্বাচনের পাঁচ মাস অতিবাহিত হলেও এখনো একটিও বাস্তবায়ন করেনি, বরং তারা প্রতিটি অঙ্গীকার থেকে সরে আসছে।
গতকাল মঙ্গলবার বিকেল ৫টায় নীলফামারীর জলঢাকা উপজেলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ উপলক্ষে আয়োজিত পথসভায় তিনি এ কথা বলেন।
আখতার হোসেন বলেন, এই দেশে যখন শেখ হাসিনার জুলুম চলছিল, মানুষকে গুম ও হত্যা করা হচ্ছিল, আয়নাঘরে বন্দী করা হচ্ছিল, পিলখানা হত্যাকাণ্ডের নামে মানুষকে পঙ্গু করা হচ্ছিল, শাপলা চত্বরে শিক্ষার্থী ও আলেমওলায়মাদের নির্বিচারে হত্যা করা হচ্ছিল। কোটা সংস্কার আন্দোলন, নিরাপদ সড়ক সংস্কার আন্দোলন, মতবিরোধী আন্দোলনসহ প্রত্যেকটি ন্যায় আন্দোলনকে নির্মমভাবে প্রতিহত করছিল- ঠিক সেই সময় দেশের মানুষ দু’টি কথা ভাবত- এক হাসিনা অপশাসন থেকে মুক্ত হওয়া, দুই এই ধরনের শাসন বাংলাদেশে কখনো ফিরে না আসে একারণে রাষ্ট্র ব্যবস্থা সংস্কার করা। দেশের সাধারণ মানুষরা তাদের সেই আক্সক্ষাকা জাগিয়ে রেখেছিল। তারা ২৪-এর গণ-অভ্যুত্থানের পর বাংলাদেশ রাষ্ট্র সংস্কারের জন্য গণভোটে অংশগ্রহণ করে ৭০ শতাংশ মানুষ মতামত দিয়েছিল। কিন্তু দুর্ভাগের বিষয় সেই সংস্কারের গণভোটকে এখন আর মানা হয় না।
এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী তার বক্তব্যে বলেন, উত্তরবঙ্গ দিন দিন পিছিয়ে পড়ছে। নেই পর্যাপ্ত শিল্পকারখানা, নেই ভালো স্বাস্থ্যব্যবস্থা চিকিৎসা। উত্তরবঙ্গের মানুষকে অবহেলিত করে রাখা হচ্ছে। তাই জুলাই গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। কারণ এই সংস্কারের টিকা দিতে হবে।
পথসভায় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, আমরা দেখছি এখানে জামায়াতের এমপি থাকলেও টেন্ডার হতে না হতে সরকারি প্রত্যেকটি অফিসে বিএনপি, যুবদল, ছাত্রদলের অত্যাচারে কর্মকর্তা-কর্মচারী ঠিকমতো অফিস করতে পারেনা।



