সড়কে ছড়িয়ে থাকা ডিম কুড়াতে গিয়ে বাসচাপায় প্রাণ গেল ৫ জনের গাজীপুরে স্বামী-স্ত্রী, গাইবান্ধায় পিকআপ চালক নিহত

Printed Edition

নয়া দিগন্ত ডেস্ক

ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-খুলনা মহাসড়কে চাকা ফেটে উল্টে যাওয়া পিকআপ থেকে ছড়িয়ে পড়া ডিম কুড়াতে গিয়ে বাসচাপায় পাঁচজন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ ছাড়া গুরুতর আহত হয়েছেন অন্তত সাতজন। এ ঘটনার পর উত্তেজিত এলাকাবাসী অন্তত ছয়টি গাড়িতে আগুন ধরিয়ে দেন। অপর দিকে গাজীপুরে স্বামী-স্ত্রী, গাইবান্ধায় পিকআপ চালক নিহত এবং চট্টগ্রামের মিরসরাইয়ে বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে ১০ জন আহত হয়েছেন।

ফরিদপুর প্রতিনিধি জানান, ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাসচাপায় পাঁচজন নিহত হয়েছেন। গতকাল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার আলগি ইউনিয়নের সোয়াদী বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার পর উত্তেজিত এলাকাবাসী মহাসড়কের অন্তত ছয়টি গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে। বর্তমানে স্থানীয়রা সড়কটি অবরোধ করে রেখেছেন।

ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: হেলালউদ্দিন এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে খুলনাগামী একটি ডিমবাহী ট্রাক সোয়াদী বাসস্ট্যান্ড এলাকায় এসে চাকা ফেটে সড়কের ওপর উল্টে যায়। এতে সড়কের ওপর ডিম ছড়িয়ে পড়লে এলাকাবাসী কুড়াতে এগিয়ে আসে। এ সময় ঢাকা থেকে নড়াইলগামী নড়াইল এক্সপ্রেসের একটি বাস রাস্তায় থাকা লোকজনকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন। আহত হয়েছেন অন্তত সাতজন।

পরে এলাকাবাসী উত্তেজিত হয়ে অন্তত ছয়টি গাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং ওই সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করে দেয়। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয়রা জানিয়েছেন, নিহতের মধ্যে ডিমবাহী ট্রাকের চালক রয়েছেন। এ ছাড়াও নিহত অপর চারজন হলেন- সোয়াদী এলাকার লিটনের ছেলে জয়নাল (২৭), বাবলুর ছেলে আরিফ (২৭) এবং ওবায়দুর (৪০)। ওবায়দুরের বাবার নাম জানা যায়নি। নিহত আরেকজনের পরিচয় এলাকাবাসী দিতে পারেনি। ট্রাকচালক বাদে নিহত ও আহতরা সবাই সোয়াদী এবং তার আশেপাশের এলাকার বাসিন্দা। গুরুতর আহতদের ভাঙ্গা, ফরিদপুর ও ঢাকায় হস্তান্তর করা হচ্ছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলালউদ্দিন বলেন, এ দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানাতে পারেননি তিনি।

গাজীপুর জেলা প্রতিনিধি জানান, গাজীপুরের শ্রীপুরে পিকআপের ধাক্কায় পোশাকশ্রমিক স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। এ সময় তাদের সাথে থাকা এক বছরের শিশুকন্যা নূর গুরুতর আহত হয়েছে। শনিবার বেলা ২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুর পৌরসভার দুই নম্বর সিঅ্যান্ডবি বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পিরোজপুর জেলার সদর উপজেলার উত্তর রানীপুর গ্রামের সেকান্দার আলী বেপারীর ছেলে রাকিব হাসান ও তার স্ত্রী বিথী আক্তার। স্বামী-স্ত্রী দুইজন ডেনিম্যাক লিমিটেড নামে একটি কারখানায় কাজ করতেন ।

জানা গেছে, কারখানায় দুপুরের বিরতিতে রাকিব হাসান তার স্ত্রীকে নিয়ে বাসায় ফিরছিলেন। মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি কাভার্ডভ্যান তাদের চাপা দেয়। ঘটনাস্থলেই রাকিবের স্ত্রী মারা যান। গুরুতর রক্তাক্ত অবস্থায় রাকিবকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তারও মৃত্যু হয়েছে। রাকিব হাসান ডেনিম্যাক লিমিটেড কারখানার মানবসম্পদ বিভাগের কর্মকর্তা ছিলেন। তিনি ও তার স্ত্রীও একই প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন বলে জানিয়েছেন ডেনিম্যাক লিমিটেড কারখানার মানবসম্পদ বিভাগের কর্মকর্তা শাহিনুর আলম ।

নিহত রাকিবের খালাতো বোন মরিয়ম বেগম প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, গাড়ি চাপা দেয়ার সময় শিশুকন্যা মায়ের কোলে ছিল। গাড়ি চাপা দেয়ার সময় শিশুকে ছুড়ে মারে মা। এ জন্য ভাগ্যক্রমে বেঁচে যায় শিশুটি। তাকে শ্রীপুর থেকে ঢাকা শিশু হাসপাতালে পাঠানো হয়েছে।

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা জানান,

গাইবান্ধার গোবিন্দগঞ্জ ঢাকা-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের উপজেলার সাপমারা ইউনিয়নের তরফ কামাল কামারপাড়া এলাকায় শনিবার ভোরে সড়ক দুর্ঘটনায় আমির হোসেন (৪২) নামে এক পিকআপ চালক নিহত হয়েছেন। তার বাড়ি ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলায়।

জানা গেছে শনিবার ভোরে ঢাকা-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের তরফ কামাল কামারপাড়া এলাকায় মসজিদের কাছে হানিফ পরিবহনের একটি বাস বিকল হয়ে দাঁড়িয়ে থাকা অবস্থায় দিনাজপুরগামী একটি পিকআপ পেছন দিক থেকে এসে ওই বাসটিকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই পিকআপের ভেতরে থাকা চালক আমির হোসেন নিহত হন।

দুর্ঘটনার শব্দে আশপাশের লোকজন ছুটে এসে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা দুর্ঘটনা কবলিত পিকআপের ভেতর থেকে নিহত চালককে উদ্ধার করে। দুর্ঘটনার পর কিছুসময় সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে। পরে হাইওয়ে পুলিশ দুর্ঘটনাকবলিত যান সরিয়ে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা জানান, চট্টগ্রামের মিরসরাইয়ে কাভার্ডভ্যানকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে গাছের সাথে ধাক্কা লেগে চালকসহ ১০ জন আহত হয়েছেন। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম-মহাসড়কের উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় বিএসআরএম বাইপাস এলাকায় চট্টগ্রামমুখী অংশে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের নাম পরিচয় জানাতে পারেনি হাইওয়ে পুলিশ।

ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার বেলা সাড়ে ১১টার দিকে তিশা প্লাটিনাম পরিবহনের একটি যাত্রীবাহী বাস বিএসআরএম বাইপাস এলাকায় একটি কাভার্ডভ্যান ওভারটেক করার সময় তিশা বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সাথে ধাক্কায় দেয়। এতে বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে গিয়ে চালক ও চালকের সহকারীসহ অন্তত ১০ জন আহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ সময় কিছুক্ষণ চট্টগ্রামুখী লেনে কিছু সময় যানচলাচল বন্ধ ছিল। পরবর্তীতে হাইওয়ে পুলিশ দুর্ঘটনাকবলিত বাসটি ও গাছের ডালটি মহাসড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করেন।