বিনোদন প্রতিবেদক
গত ৩ জুলাই বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে কার্যকরী সদস্য হিসেবে জয়লাভ করেছেন চিত্রনায়িকা শিরীন শিলা। তার ছোট ভাই কানাডাতেই স্থায়ীভাবে বসবাস শুরু করেছেন বেশ কিছু দিন আগে থেকেই। সমিতির নির্বাচনে অংশগ্রহণের আগেই মাকে নিয়ে কানাডায় যাবার দিন তারিখ চূড়ান্ত ছিল শিরীন শিলার। যে কারণে শিল্পী সমিতির নির্বাচনের পর নির্ধারিত তারিখেই কানাডার উদ্দেশে মাকে নিয়ে রওয়ানা হন শিরীন শিলা। এরই মধ্যে তিনি কানাডার টরেন্টোতে পৌঁছে গেছেন। এয়ারপোর্টেই শিলার ছোট ভাই শিলা ও তার মাকে রিসিভ করতে আসে। মা ও ভাইকে দেখে শিলার ছোট ভাই ছিল ভীষণ উচ্ছ্বসিত। শিরীন শিলা বলেন, ‘আম্মু আমার ছোট ভাইকে দেখার জন্য প্রায় অস্থির হয়ে পড়েছিলেন। যে কারণে আম্মুকে নিয়ে কানাডায় চলে এলাম। এখন তিনি তার ছেলেকে কাছে পেয়ে খুব ভালো আছেন, আমারও ভীষণ ভালোলাগছে। কারণ ঢাকায় থাকলে আম্মুর প্রায় সময়ই তার ছেলের জন্য মন খারাপ থাকে। এই মন খারাপ আসলে দূর করাও কঠিন। আমি যতটুকু পারি আম্মুকে সময় দেবার চেষ্টা করি। কিন্তু তারপরও মায়ের মন তো ছেলের জন্য বুকের ভেতর শূন্যতা কাজ করবেই, তার পরও ছেলে যদি দেশের বাইরে থাকে তাহলে তো মা আরো অস্থির থাকাটাই স্বাভাবিক। যে কারণে আম্মুকে নিয়ে কিছু দিনের জন্য কানাডায় চলে এলাম।’



