রাজধানীতে বিশ^কাপ ফুটবল খেলাকে কেন্দ্র করে আহত ৫

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মিরপুরের পল্লবী সিটি ক্লাব এলাকায় আতশবাজি বিস্ফোরণ থেকে আগুনে আর্জেন্টিনার চার সমর্থক দগ্ধ হয়েছেন। রোববার রাত ২টার দিকে এই ঘটনা ঘটেছে। দগ্ধরা হলেন- মো: সাকিব (২১), মোহাম্মদ রিফাত (২০), সজীব (২২) ও তাহসিন (২২)। পরে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেন। তবে সাকিবকে ভর্তি করা হয়।

দগ্ধদের হাসপাতালে নিয়ে আসা মোহাম্মদ আরাফাত জানান, খেলার উত্তেজনায় আতশবাজির ফুটানোর সময় হঠাৎ বিস্ফোরণে চারজন দগ্ধ হন। এরপর তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিয়ে এলে তাহাসিন, সজীব, রিফাতকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হলেও সাকিবকে ভর্তি দেয়া হয়েছে। সাকিব মিরপুরের বিইউবিটি কলেজের প্রথম বর্ষ ইকোনোমিকসের শিক্ষার্থী। তাহাসিন, সজীব, রিফাতের বাসা একই এলাকায়।

জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা: শাওন বিন রহমান জানান, সাকিবের দুই পা দগ্ধ হয়েছে।

এদিকে খেলা দেখে মোটরসাইকেল চালিয়ে বাসায় ফেরার সময় রাজধানীর এয়ারপোর্ট রোডে নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সাথে ধাক্কা লেগে বিশাল (৩৫) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। গতকাল সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।