ভেনিজুয়েলায় চীন ও রাশিয়ার তেলক্ষেত্র নিচ্ছে মার্কিন প্রতিষ্ঠান

Printed Edition

রয়টার্স

ভেনিজুয়েলায় এত দিন ধরে চীন ও রাশিয়ার কোম্পানির নিয়ন্ত্রণে থাকা গুরুত্বপূর্ণ তেলক্ষেত্রের পরিচালনার দায়িত্ব নিচ্ছে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান নর্থ আমেরিকান ব্লু এনার্জি পার্টনার্স (এনএবিএপি)। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত দ্বিপক্ষীয় তেল উৎপাদন চুক্তির অংশ হিসেবে এই প্রক্রিয়া শুরু হয়েছে। এর মধ্য দিয়ে লাতিন আমেরিকার দেশটির জ্বালানি খাতে বেইজিং ও মস্কোর প্রভাব কমিয়ে ওয়াশিংটনের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা হচ্ছে। সোমবার যুক্তরাষ্ট্রের দু’জন কর্মকর্তা এ পদক্ষেপের তথ্য নিশ্চিত করেছেন।

নতুন কাঠামোর আওতায় এনএবিএপিকে ভেনিজুয়েলার ১৪টি তেল প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে। প্রতিষ্ঠানটি পরে দেশটিতে মোট ১৭টি প্রকল্পের কার্যক্রম পরিচালনা করবে বলে পরিকল্পনা রয়েছে। চুক্তি অনুযায়ী, ব্যবসা পরিচালনার মূল দায়িত্বে এনএবিএপি থাকলেও কোম্পানিটির ৩৫ শতাংশ মালিকানার অধিকার থাকবে মার্কিন সরকারের কাছে। এ ছাড়া মোট উত্তোলিত তেলের ২০ শতাংশ উৎপাদন খরচে কেনার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র অগ্রাধিকার পাবে।

হোয়াইট হাউজ জানিয়েছে, বাকি ৮০ শতাংশ তেল কেনার ক্ষেত্রেও মার্কিন পররাষ্ট্র দফতরকে প্রথম অধিকার দেয়া হয়েছে। পাশাপাশি পরিচালনা পর্ষদের যেকোনো সিদ্ধান্তে যুক্তরাষ্ট্রের ভেটো দেয়ার ক্ষমতা থাকবে এবং পর্ষদের সংখ্যাগরিষ্ঠ সদস্যকে মার্কিন নাগরিক হতে হবে। আগে এসব প্রকল্পের মধ্যে পাঁচটি চীনা প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণে ছিল এবং একটি চালাত রুশ কোম্পানি। এ ছাড়া সাবেক প্রেসিডেন্ট নিকোলা মাদুরোর ঘনিষ্ঠদের নিয়ন্ত্রণে থাকা কয়েকটি ক্ষেত্রও এখন এই মার্কিন কোম্পানির হাতে যাচ্ছে।