ইডেন ছাত্রলীগ নেত্রী রিভা ও শিল্পী আবুল সরকারের জামিন

অন্তর্বর্তী সরকারের সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা দিতে আইনি নোটিশ

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলা এবং ধর্মীয় অনুভূতিতে আঘাতের পৃথক দু’টি মামলায় গতকাল হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ইডেন কলেজ শাখার সাবেক সভাপতি তামান্না জেসমিন রিভা এবং বাউল শিল্পী আবুল সরকার।

গতকাল সোমবার বিচারপতি মো: আতোয়ার রহমান ও বিচারপতি মো: সগীর হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ তামান্না জেসমিন রিভাকে একটি মামলায় জামিনের আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে উপস্থিত থেকে জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান তফাদার। ২০২৪-এর জুলাইয়ে ছাত্র আন্দোলনের পর থেকে রিভা আত্মগোপনে ছিলেন। পরবর্তীতে ২০২৪ সালের ১৬ ডিসেম্বর রাতে তাকে আটক করা হয় এবং বৈষম্যবিরোধী আন্দোলনের একটি মামলায় গ্রেফতার দেখানো হয়।

অন্য দিকে, ধর্ম অবমাননা ও কটূক্তির অভিযোগের মামলায় গ্রেফতার হয়ে কারাগারে থাকা বাউল শিল্পী আবুল সরকার ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন। জামিন চেয়ে আবুল সরকারের করা আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মো: আতোয়ার রহমান ও বিচারপতি মো: সগীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গত রোববার ৫ এপ্রিল রুলসহ অন্তর্বর্তীকালীন এ জামিন দেন।

আইনজীবী গাজী কামরুল ইসলাম সজল গতকাল সোমবার বলেন, মামলায় ধর্ম অবনাননার অভিযোগ আনা হলেও এর উপাদান নেই। হাইকোর্ট রুল দিয়ে বাউল শিল্পী আবুল সরকারকে ছয় মাসের জামিন দিয়েছেন। অন্য কোনো মামলা না থাকলে আবুল সরকারের মুক্তিতে আইনি কোনো বাধা নেই। ওই মামলায় নিম্ন আদালতে বিফল হয়ে হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন আবুল সরকার। আবেদনটি আদালতের গতকালের কার্যতালিকায় ওঠে ও শুনানি হয়।

আদালতে জামিন আবেদনকারীর পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী গাজী কামরুল ইসলাম সজল। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতানা আক্তার রুবি।

গত ৪ নভেম্বর মানিকগঞ্জের ঘিওর উপজেলার জাবরা এলাকায় খালা পাগলীর মেলায় পালাগানের আসরে বাউল শিল্পী আবুল সরকার ধর্ম অবমাননা ও আপত্তিকর মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে। তার মন্তব্যের ভিডিও চিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে বিভিন্ন মহলে ব্যাপক সমালোচনা হয়।

এরপর মাদারীপুরে একটি গানের আসর থেকে গত ১৯ নভেম্বর রাতে আবুল সরকারকে আটক করে মানিকগঞ্জ ডিবি পুলিশের একটি দল। পরদিন সকালে তাকে জেলা ডিবির কার্যালয়ে আনা হয়। সেদিন ঘিওর বন্দর মসজিদের ইমাম মুফতি মো: আবদুল্লাহ বাদি হয়ে আবুল সরকারকে আসামি করে ঘিওর থানায় মামলা করেন। এতে ইসলাম ধর্মের বিশ্বাসের অবমাননা এবং ধর্মীয় অনুভূতিতে আঘাতের উদ্দেশ্যে কটূক্তি ও উসকানি দেয়ার অভিযোগ করা হয়।

ওই মামলায় আবুল সরকারকে গ্রেফতার দেখিয়ে মানিকগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে ২০ নভেম্বর কারাগারে পাঠানো হয়।

উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিতে আইনি নোটিশ

সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ অন্তর্বর্তী সরকারের সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা দিতে সরকারের সংশ্লিষ্টদের প্রতি আইনি নোটিশ পাঠানো হয়েছে। গতকাল সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী এম আশরাফুল ইসলাম এ নোটিশ পাঠান। হামের টিকাকে রাষ্ট্রীয় ব্যবস্থা থেকে বেসরকারি খাতে দেয়ার সাথে জড়িত থাকার অভিযোগ তুলে এ লিগ্যাল নোটিশ পাঠানো হয়। নোটিশে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও সাবেক সব উপদেষ্টাসহ ২৪ জনের দেশত্যাগের নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে।

আইনি নোটিশের বিষয়টি নিজে ফেসবুকে পোস্ট করে জানিয়েছেন আইনজীবী এম আশরাফুল ইসলাম। তিনি বলেন, ‘হামের মতো রোগের টিকা দেয়ার ব্যবস্থাকে রাষ্ট্রীয় ব্যবস্থা থেকে প্রাইভেট খাতে দেয়ার অশুভ অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত থাকার কারণে ড. ইউনূসসহ সব উপদেষ্টার দেশত্যাগের নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল নোটিশ প্রেরণ করেছি।’