নয়া দিগন্ত ডেস্ক
কিশোরগঞ্জে বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে গরুবোঝাই পিকআপের চালকসহ তিনজন নিহত হয়েছেন। অপর দিকে নড়াইলে পাথরবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বসতঘরে ঢুকে পড়ায় এক স্কুলছাত্রী নিহত হয়েছে। এ ছাড়া রাঙ্গামাটি, ব্রাহ্মহ্মাণবাড়িয়া, চট্টগ্রাম, নোয়াখালী, চাঁদপুর, নওগাঁ ও ভোলায় পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ আরো সাতজন নিহত। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন।
পাকুন্দিয়ায় গরুসহ ৩ জন নিহত
পাকুন্দিয়া, (কিশোরগঞ্জ) সংবাদদাতা জানান, কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় যাত্রিবাহী বাস ও গরুবোঝাই পিকআপের মুখোমুখি সংঘর্ষে ছয়টি গরুসহ পিকআপের চালক ও আরো দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় বাসের চালক ও সহযোগী গুরুতর আহত হয়েছেন।
গতকাল বেলা সোয়া ৩টার দিকে ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কের সুখিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নরসিংদীর শিবপুর উপজেলার সদর গ্রামের মঞ্জু মিয়ার ছেলে পিকআপ চালক খোকন মিয়া (৩৯), একই উপজেলার কুনদাইল গ্রামের আবু সাঈদের ছেলে বিল্লাল (৩৫) ও আবদুস সোবহানের ছেলে খুর্শিদ উদ্দিন (৬০)। আহতরা হলেন- বাসচালক শিবপুর ইটাখলা এলাকার মান্নান সরকার (৫০) ও তার সহযোগী একই এলাকার আমান (৩৫)।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার বেলা সোয়া ৩টার দিকে কিশোরগঞ্জ থেকে একটি গরুবোঝাই পিকআপ নরসিংদীর দিকে যাচ্ছিল। অপর দিকে যাত্রীবাহী অনন্যা ক্লাসিকের একটি বাস ঢাকা থেকে কিশোরগঞ্জ যাচ্ছিল। পথেমধ্যে উপজেলার সুখিয়া বাজার এলাকায় পৌঁছালে পিকআপ ও বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপের চালকসহ তিনজন নিহত হন। এ সময় পিকআপে থাকা সাতটি গরুর মধ্যে ছয়টিই মারা যায়। এ ছাড়া অনন্যা ক্লাসিকের চালকসহ সহযোগী গুরুতর আহত হন।
নড়াইলে ট্রাক বসতঘরে নিহত
নড়াইল প্রতিনিধি ও লোহাগড়া সংবাদদাতা জানান, নড়াইলে গভীর রাতে পাথরবোঝাই ট্রাক (খুলনা মেট্রো-শ ১১-০৫০২) নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে বসতঘরে ঢুকে পড়লে ঘুমন্ত অবস্থায় দুই বোন হতাহতের ঘটনা ঘটেছে। গত রোববার (৬ জুলাই) দিনগত রাত সাড়ে ১২টার দিকে লোহাগড়া উপজেলার নলদী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত বড়বোন অষ্টম শ্রেণীর শিক্ষার্থী শামীমা আক্তার সেতু (১৪) এবং আহত ছোটবোন ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী মিতু (১২)। তারা স্থানীয় বিএসএস মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী।
পারিবারিক সূত্রে জানা গেছে, নলদী গ্রামের কাঁচামাল দোকানি হাফিজুর মোল্যার দুই মেয়ে সেতু ও মিতু রোববার রাতের খাবার খেয়ে বিছানায় শুয়ে পড়ে। এরপর রাত সাড়ে ১২টার দিকে পাথরবোঝাই ট্রাক পথ ভুলে নলদী এলাকার খালপাড়ের সরু রাস্তায় ঢুকে পড়ে। ট্রাকটি হাফিজুল মোল্লার বাড়ির সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের বসতঘরের উপর আচড়ে পড়ে। এ সময় ট্রাকের পাথরগুলো সেতু ও মিতুর গায়ে পড়লে এ হতাহতের ঘটনা ঘটে।
লংগদুতে শিশু নিহত ১
লংগদু (রাঙ্গামাটি) সংবাদদাতা জানান, রাঙ্গামাটির লংগদু উপজেলায় মাহিন্দ্র ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো পাঁচজন আহত হয়েছেন। তাদের রাঙ্গামাটি সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
গতকাল সকাল ৭টার দিকে বাইট্টাপাড়া থেকে দীঘিনালাগামী একটি মাহিন্দ্র এবং সোনাই পাঁচ নম্বর এলাকা থেকে ছেড়ে আসা একটি অটোরিকশার মধ্যে ইসলামবাদ এলাকার নাজিম টিলা নামক স্থানে এই সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা ছয়জন গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে রাবেতা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাঙ্গামাটি সদর হাসপাতালে রেফার করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত দুই বছরের শিশু রিফাত মারা যায়। আহত অন্য পাঁচজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আশুগঞ্জে প্রকৌশলীর স্ত্রী নিহত
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জানায়, ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে কাভার্ডভ্যানের চাপায় আশুগঞ্জ পাওয়ার স্টেশনের ৪০০ মেগাওয়াট নর্থ ইউনিটের নির্বাহী প্রকৌশলী আমজাদ হোসেন ভূঁইয়ার স্ত্রী তানজিলা আক্তার নিহত হয়েছেন। গতকাল সকালে আশুগঞ্জ গোলচত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় স্ত্রীকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন প্রকৌশলী আমজাদ হোসেন ভূঁইয়া।
বাঁশখালীতে ব্যবসায়ী নিহত
বাঁশখালী (চট্টগ্রাম) সংবাদদাতা জানান, বাঁশখালীতে সড়ক দুর্ঘটনায় জুয়েল রানা নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল সকালে উপজেলার প্রধান সড়কের শীলকূপ ইউপির ফায়ার সার্ভিসসংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় রেজাউল করিম নামে আরো একজন আহত হয়েছেন।
নোয়াখালীতে মাদরাসা পরীক্ষার্থীর মৃত্যু
নোয়াখালী অফিস জানায়, নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে মাইন উদ্দিন (২১) নামে এক আলিম পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ সময় আরো তিন পরীক্ষার্থীসহ চারজন আহত হয়েছেন। গতকাল বেলা ৩টার দিকে উপজেলার লতিফপুর ইউনিয়নের চৌমুহনী-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের আমিন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মাইন উদ্দিন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার লতিফপুর গ্রামের আব্দুল আউয়ালের ছেলে। তিনি চন্দ্রগঞ্জ কারামতিয়া কামিল মাদরাসার আলিম পরীক্ষার্থী ছিলেন।
জানা গেছে, সোমবার অনুষ্ঠিত পরীক্ষায় অংশ নিতে মাইন উদ্দিনসহ কয়েকজন শিক্ষার্থী বেগমগঞ্জের মীরওয়ারিশপুর ইউনিয়নের রাশেদিয়া ফাজিল মাদরাসা কেন্দ্রে যান। পরীক্ষা শেষে দুপুরে সিএনজিচালিত অটোরিকশায় করে বাড়ি ফেরার পথে তাদের বহনকারী যানটি লক্ষ্মীপুর-নোয়াখালীর আামিন বাজারে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালকসহ তিন পরীক্ষার্থী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাইন উদ্দিনকে মৃত ঘোষণা করেন।
মতলবে শ্রমিক নিহত
মতলব দক্ষিণ (চাঁদপুর) সংবাদদাতা জানান, চাঁদপুরের মতলব-বাবুরহাট পেন্নাই সড়কের ডাকঘর এলাকায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতনামা এক শ্রমিক নিহত হয়েছে। তার পরিচয় পাওয়া যায়নি। সোমবার (৬ জুলাই) ভোরে এই দুর্ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
পোরশায় শিশু নিহত
পোরশা (নওগাঁ) সংবাদদাতা জানান, নওগাঁর পোরশায় শূকরের সাথে ধাক্কা লেগে ব্যাটারিচালিত অটোভ্যান উল্টে মুশফিকা জান্নাতী নামে ছয় মাসের এক কন্যাশিশু মারা গেছে। এ ঘটনায় তার নানি কুলসুম বেগম (৫৫) গুরুতর আহত হয়েছেন। রোববার উপজেলার সরাইগাছি-বারিন্দা সড়কের মাঝে ব্রিজের ওপর এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত শিশু উপজেলার সহড়ন্দ গ্রামের মুন্না ডাকুয়ার মেয়ে। আহত কুলসুম একই গ্রামের আব্দুল গনির মেয়ে। স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, নিজ বাড়ি থেকে কুলসুম নাতনিকে নিয়ে একটি ব্যাটারিচালিত অটোভ্যানে চড়ে সরাইগাছি বাজারে যাচ্ছিলেন। এ সময় ওই ব্রিজের কাছে পৌঁছালে হঠাৎ রাস্তার পাশ থেকে একটি শূকর অটোভ্যানের সামনে চলে আসে এবং সংঘর্ষ ঘটে।
ভোলায় ট্রাক্টর চালক নিহত : ভোলা প্রতিনিধি জানান, ভোলার বোরহানউদ্দিন উপজেলায় সিএনজিচালিত অটোরিকশাকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টর উল্টে চালক মো: সজিব হোসেন (২২) নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাক্টরের হেলপার গুরুতর আহত হয়েছেন। গতকাল দুপুরে উপজেলার মনিরাম বাজারসংলগ্ন বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সজীব হোসেন উপজেলার কাচিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ডাওড়ী সরকারি আবাসন এলাকার বাসিন্দা। বাবার নাম মৃত ইসমাইল হাওলাদার।



