সংক্ষিপ্ত সংবাদ

Printed Edition

দিনাজপুরে সারের দাবিতে মানববন্ধন

সার নিয়ে দেশব্যাপী সিন্ডিকেট দূর করা ও দ্রুত সার সঙ্কট নিরসনের দাবিতে দিনাজপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গত রোববার বাংলাদেশ কৃষিজীবী শ্রমিক ইউনিয়ন দিনাজপুর জেলা শাখার উদ্যোগে দিনাজপুর প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি পালিত হয়। সংগঠনের জেলা শাখার সভাপতি মো: রমজান আলীর সভাপতিত্বে মানববন্ধনে প্রধান উপদেষ্টা মো: জাকিরুল ইসলাম, উপদেষ্টা এনামুল হক, রাশেদুল ইসলাম রিপন, সাধারণ সম্পাদক মো: জুয়েল রানাসহ অন্য নেতারা বক্তব্য দেন। মানববন্ধনে বক্তারা বলেন, কৃষকদের বাঁচানো না গেলে দেশের অর্থনীতি টিকবে না। একটি অসাধু চক্র কৃত্রিম সঙ্কট তৈরি করতে কৃষিপণ্য ও সার মজুদ করছে। অবিলম্বে এসব অসাধু মজুদদারকে আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করার দাবি জানানো হয়। একই সাথে চলতি মৌসুমে কৃষকদের চাহিদামতো সার সরবরাহ নিশ্চিত করতে সরকার ও প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন বক্তারা। দিনাজপুর প্রতিনিধি।

মুরাদনগরে ৫ মাদকসেবীকে কারাদণ্ড

কুমিল্লার মুরাদনগরে মাদকবিরোধী যৌথ অভিযান চালিয়ে পাঁচ মাদকসেবীকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত রোববার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিব হাছান খান। দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার মধ্যনগর গ্রামের মো: সাগর ও মো: ইব্রাহিম, রায়তলা গ্রামের কামাল, পায়ব গ্রামের সাইফুল এবং কেয়টগ্রামের জসিম। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন ও থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় তাদের হাতেনাতে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাগর ও ইব্রাহিমকে তিন মাস করে এবং কামাল, সাইফুল ও জসিমকে তিন দিন করে কারাদণ্ড দেয়া হয়। মুরাদনগর থানার ওসি আনোয়ার হোসেন জানান, দণ্ডপ্রাপ্তদের গতকাল সোমবার সকালে আদালতের মাধ্যমে কুমিল্লা জেলা হাজতে পাঠানো হয়েছে। মুরাদনগর (কুমিল্লা) সংবাদদাতা।

মাছের পোনা অবমুক্ত করল জামায়াত

গাজীপুরের কালীগঞ্জে দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি ও জলাশয়ের জীববৈচিত্র্য রক্ষায় বেলাই বিলে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। গতকাল সোমবার সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী কালীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে বেলাই বিলের নরুণ, বেরুয়া ও মোহানী এলাকার জলাশয়ে ৩৫ কেজি পোনা ছাড়া হয়। কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন গাজীপুর মহানগর জামায়াতের নায়েবে আমির খায়রুল হাসান। এ সময় কালীগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট তাজুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে খায়রুল হাসান বলেন, দেশের প্রাণিজ আমিষের বেশির ভাগই আসে মৎস্য খাত থেকে। তবে অপরিকল্পিত জলাশয় ভরাট ও শিল্পকারখানার বর্জ্য দূষণের কারণে দেশীয় মাছ আজ বিলুপ্তির পথে। মৎস্য সম্পদ রক্ষায় বর্জ্যদূষণ বন্ধ ও জলাশয় দখলের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। কালীগঞ্জ (গাজীপুর) সংবাদদাতা।

বিজিবির অভিযানে পিস্তল ও গুলি উদ্ধার

লালমনিরহাটের আদিতমারী সীমান্ত এলাকা থেকে অভিযান চালিয়ে একটি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে ১৫ বিজিবি। গত রোববার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার দিঘলটারী বিওপির আওতাধীন ডিগ্রির চর এলাকায় এই অভিযান চালানো হয়। বিজিবি সূত্র জানায়, গোপন তেেথ্যর ভিত্তিতে ১৫ বিজিবির কমান্ডিং অফিসার লেফট্যানেন্ট কর্নেল মেহেদী ইমামের নেতৃত্বে একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে। এ সময় টহল দলের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা সটকে পড়লে পলিথিনে মোড়ানো অবস্থায় পরিত্যক্ত একটি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। ১৫ বিজিবির কমান্ডিং অফিসার লেফট্যানেন্ট কর্নেল মেহেদী ইমাম জানান, চোরাচালানের সাথে জড়িতদের শনাক্তে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। উদ্ধার করা অস্ত্র ও গুলি আদিতমারী থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। সীমান্তে সব ধরনের অবৈধ কার্যক্রম রোধে বিজিবির বিশেষ টহল জোরদার করা হয়েছে। লালমনিরহাট প্রতিনিধি।

লৌহজংয়ে ইয়াবাসহ গ্রেফতার ২

মুন্সীগঞ্জের লৌহজংয়ে ডিবি পুলিশের অভিযানে ৩০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গতকাল সোমবার সকাল সোয়া ৯টার দিকে পদ্মা সেতু থানাধীন খড়িয়া পালবাড়ি এলাকায় মহাসড়কে এই অভিযান চালানো হয়। গ্রেফতার ব্যক্তিরা হলেন পাশের শ্রীনগর উপজেলার শ্রীনগর মণ্ডলপাড়া গ্রামের শাওন মণ্ডল (৪৩) ও সুজন মণ্ডল (৩৫)। জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইশতিয়াক আশফাক রাসেল জানান, গোপন তথ্যের ভিত্তিতে খড়িয়া পালবাড়ি এলাকার পাকা রাস্তার ওপর তল্লাশি চৌকি বসায়। এ সময় সন্দেহভাজন শাওন ও সুজনকে আটক করে তল্লাশি চালানো হলে তাদের কাছ থেকে ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে লৌহজং থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। লৌহজং (মুন্সীগঞ্জ) সংবাদদাতা।