কক্সবাজার অফিস
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী সাবেক মেজর মোজাফফরকে সেনা হেফাজতে দেয়া হয়েছে। যে আইনে জিয়াউর রহমান হত্যার বিচার করা হয়েছিল সে আইনেই তার বিচার করা যায়। তাই তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। বিষয়টি সেনাবাহিনী খতিয়ে দেখছে।
গতকাল শুক্রবার বিকেলে কক্সবাজারের চকরিয়ার লক্ষ্যারচর শিকলঘাটায় বন্যাদুর্গতদের মাঝে বিজিবির উদ্যোগে ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশগ্রহণ শেষে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় সরকার সব উদ্যোগ নিচ্ছে। বৃক্ষরোপণের পাশাপাশি মৎস্য এবং কৃষি উৎপাদন বাড়াতে গুরুত্ব দিচ্ছে সরকার। এ সময় বর্ডারগার্ড বাংলাদেশের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, কক্সবাজার রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আখসার খান, সেক্টর কমান্ডার কর্নেল মহিউদ্দিন উপস্থিত ছিলেন।
এলাকাবাসীর কাছে দুঃখ প্রকাশ
বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে। দুর্যোগ মোকাবেলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে। বন্যাদুর্গত মানুষের সহায়তায় সরকারি ও বেসরকারি উদ্যোগ অব্যাহত রয়েছে।
শুক্রবার বিকেলে চকরিয়া উপজেলার বিভিন্ন এলাকায় বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের যেসব এলাকা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, সেসব এলাকায় সরকারের পক্ষ থেকে জরিপ কার্যক্রম পরিচালিত হচ্ছে। জরিপ শেষে ক্ষতিগ্রস্ত সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠান, বেড়িবাঁধসহ বিভিন্ন অবকাঠামোর পুনর্বাসন এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে, যাতে তারা দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারেন।
ত্রাণ বিতরণ শেষে চকরিয়ার ছড়াকুল এলাকা চকরিয়া পৌরসভার কোচপাড়া লারচর কাকারা মানিকপুর কৈয়ারবিল এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ, সড়ক ও বসতবাড়ি পরিদর্শন করেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত মানুষের সাথে কথা বলেন এবং তাদের দুর্ভোগের কথা শোনেন। পাশাপাশি সংশ্লিষ্ট প্রশাসনকে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের তাগিদ দেন।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বন্যার সময় বিদেশে সরকারি সফরে থাকার কথা উল্লেখ করে এলাকায় আসতে না পারার জন্য এলাকাবাসীর কাছে আঞ্চলিক ভাষায় দুঃখ প্রকাশ করেন।



