চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রামকে আরো পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার অভিযানে এবার সরকারি ভবনের ছাদ থেকেই শুরু হচ্ছে জেলা প্রশাসনের কার্যক্রম। আগামী ২৫ জুলাই জেলার সব সরকারি দফতর ও সরকারি আবাসিক ভবনের ছাদে একযোগে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। একই সাথে কর্মসূচিতে ভালো পারফরম্যান্স দেখানো দফতরকে পুরস্কৃত করা এবং অবহেলা বা গাফিলতি প্রমাণিত হলে সরকারি বাসা বরাদ্দ বাতিলসহ প্রশাসনিক ব্যবস্থা নেয়ারও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
গতকাল রোববার চট্টগ্রাম সার্কিট হাউজের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক এ ঘোষণা দেন। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: শরীফ উদ্দিন সঞ্চালনা করেন। এতে জেলা পর্যায়ের বিভিন্ন দফতরের প্রধান এবং সব উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তারা (ইউএনও) উপস্থিত ছিলেন।
সভায় জেলা প্রশাসক বলেন, একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য সমাজ গড়ে তোলা এক দিনের কাজ নয়। এজন্য সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নিজেদের কর্মস্থল ও আবাসন থেকেই পরিচ্ছন্নতার চর্চা শুরু করতে হবে। তিনি বলেন, আগামী ২৫ জুলাইয়ের ছাদ পরিষ্কার কর্মসূচি আমরা উৎসবমুখর পরিবেশে পালন করতে চাই। জেলা, উপজেলা এবং অধীনস্থ সব দফতরে এটি বাস্তবায়ন করতে হবে। সারা দেশে যেন বোঝা যায়, চট্টগ্রাম পরিচ্ছন্নতা ও সচেতনতার একটি উদাহরণ সৃষ্টি করেছে।
কর্মসূচির অংশ হিসেবে প্রতিটি দফতরকে পরিচ্ছন্নতা কার্যক্রমের আগে ও পরে ছবি এবং ভিডিও জেলা প্রশাসনের কাছে পাঠানোর নির্দেশ দেন জেলা প্রশাসক। তিনি বলেন, এসব মূল্যায়ন করে আগামী জেলা উন্নয়ন সমন্বয় সভায় সেরা উদ্যোগগুলোকে পুরস্কৃত করা হবে।
সরকারি আবাসনের ছাদবাগান নিয়ে আসা অভিযোগের প্রসঙ্গ টেনে জেলা প্রশাসক বলেন, ছাদবাগান অবশ্যই ভালো উদ্যোগ। কিন্তু পরিচর্যার অভাবে যদি নিচতলার বাসিন্দারা ক্ষতিগ্রস্ত হন বা পানি চুইয়ে পড়ে জনভোগান্তি সৃষ্টি হয়, তাহলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।



