আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামে (আইআইইউসি) শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষা ও বিশ্বমানের গবেষণার পথ সুগম করতে অনুষ্ঠিত হয়েছে ‘ইন্টারন্যাশনাল এডুকেশন সেমিনার ২০২৬’। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে আইআইইউসির ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অ্যান্ড স্টুডেন্ট ওয়েলফেয়ার ডিভিশন এবং এডুম্যাক্স কনসালট্যান্সির যৌথ উদ্যোগে সম্প্রতি এই সেমিনারের আয়োজন করা হয়।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে আইআইইউসির ভিসি প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী বলেন, বিশ্বমানের শিক্ষার সাথে মানিয়ে নিতে শিক্ষার্থীদের আন্তর্জাতিক শিক্ষা কার্যক্রমের সাথে যুক্ত হওয়া জরুরি। সঠিক দিকনির্দেশনা ও প্রস্তুতির মাধ্যমে তরুণরা বিদেশে উচ্চশিক্ষা ও বিশ্বমানের গবেষণায় গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।
অনুষ্ঠানের সভাপতি ও আইআইইউসির প্রো-ভিসি প্রফেসর ড. মুহাম্মদ হাসমত আলী বলেন, আন্তর্জাতিক স্কলারশিপের সুযোগ নিতে অ্যাকাডেমিক সাফল্যের পাশাপাশি ভাষাগত দক্ষতা অর্জন করা অপরিহার্য। এখন থেকেই সঠিক পরিকল্পনা নিয়ে শিক্ষার্থীদের প্রস্তুত হওয়ার আহ্বান জানান তিনি। সেমিনারে মুখ্য আলোচক ছিলেন আইআইইউসির ভিজিটিং ফ্যাকাল্টি ও ইরাসমাস মুন্ডাস অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ড. মো: আশিকুর রহমান। তিনি শিক্ষার্থীদের বৈদেশিক বৃত্তি ও শিক্ষা কার্যক্রমের সুনির্দিষ্ট গাইডলাইন তুলে ধরেন।
অনুষ্ঠানে নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষক জাহিদুল ইসলাম মিয়াজী, এডুম্যাক্স কনসালট্যান্সির ব্যবস্থাপনা পরিচালক আবু হানিফ মোহাম্মদ নোমান বক্তব্য দেন। আইআইইউসির ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অ্যান্ড স্টুডেন্ট ওয়েলফেয়ার ডিভিশনের ভারপ্রাপ্ত পরিচালক মুহাম্মদ মাহফুজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কর্নেল (অব:) মোহাম্মদ কাশেমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সেমিনারের শুরুতে আমন্ত্রিত অতিথিদের বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। বিজ্ঞপ্তি।



