আনাদোলু এজেন্সি
ইউরোপের চলমান নিরাপত্তা সঙ্কটের মুখে নিজেদের সশস্ত্রবাহিনীকে অভূতপূর্ব মাত্রায় শক্তিশালী করার পথে হাঁটছে পোল্যান্ড। এই প্রক্রিয়ার অংশ হিসেবে দেশটির বর্তমান সামরিক বাহিনীর সদস্যসংখ্যা ইতোমধ্যে দুই লাখ ২০ হাজার অতিক্রম করেছে। শুক্রবার পোলিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাম্প্রতিক পরিসংখ্যানের বরাতে তথ্যটি নিশ্চিত করেছে আন্তর্জাতিক সম্প্রচারমাধ্যম ‘টিভিপি ওয়ার্ল্ড’।
প্রকাশিত তথ্যানুযায়ী, পোল্যান্ডের বর্তমান সামরিক বহরে প্রায় এক লাখ ৫৬ হাজার পেশাদার সেনা এবং ৪০ হাজার ‘টেরিটোরিয়াল ডিফেন্স ফোর্সেস’ বা আঞ্চলিক প্রতিরক্ষা বাহিনীর সদস্যসহ সর্বমোট দুই লাখ ২০ হাজারের বেশি সক্রিয় সেনা দায়িত্ব পালন করছেন। তবে ন্যাটোভুক্ত এই দেশটি ২০৩৯ সালের মধ্যে মোট পাঁচ লাখ সদস্যের এক বিশাল সামরিক কাঠামো গড়ে তোলার দীর্ঘমেয়াদি পরিকল্পনা হাতে নিয়েছে। সেই লক্ষ্যমাত্রায় দুই লাখ ৫০ হাজার সক্রিয় সেনা, ৫০ হাজার আঞ্চলিক প্রতিরক্ষা সদস্য এবং আরো দুই লাখ সংরক্ষিত বা রিজার্ভ সেনা প্রস্তুত রাখার বিধান রাখা হয়েছে। সামরিক শিক্ষা জোরদার ও সাধারণ নাগরিকদের জন্য বিশেষায়িত একদিনের প্রশিক্ষণ ব্যবস্থা চালু করার পর চলতি বছরের শুরু থেকেই সেনাবাহিনীতে সক্রিয় সদস্যসংখ্যা প্রায় পাঁচ হাজার বৃদ্ধি পেয়েছে। এর পাশাপাশি সাধারণ জনগণের জরুরি প্রস্তুতি বাড়াতে ‘অলওয়েজ রেডি’ (সর্বদা প্রস্তুত) নামক কর্মসূচি বিস্তৃত করছে পোলিশ সরকার। ২০২৫ সালের শেষভাগে যাত্রা শুরু করা এই কর্মসূচির আওতায় ২০২৬ সালজুড়ে নাগরিকদের প্রাথমিক চিকিৎসা, প্রতিকূল পরিস্থিতিতে টিকে থাকার কৌশল (সারভাইভাল স্কিলস), জরুরি প্রতিক্রিয়া এবং সাইবার নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে স্বেচ্ছাসেবী প্রশিক্ষণ দেয়া হচ্ছে।



