মাদরাসায় ছাত্রীদের ফুটবল দল গঠনের নির্দেশনা প্রত্যাহারের দাবি

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেছেন, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের সাম্প্রতিক সার্কুলারে একটি টুর্নামেন্ট উপলক্ষে দেশের সব আলিয়া মাদরাসায় ছাত্র ও ছাত্রীদের পৃথক ফুটবল দল গঠনের নির্দেশনা ইসলামী শিক্ষা ব্যবস্থার স্বকীয়তা ও ধর্মীয় মূল্যবোধের পরিপন্থী। গতকাল শুক্রবার এক বিবৃতিতে তিনি এ নির্দেশনার নিন্দা ও প্রতিবাদ জানান এবং সার্কুলারটি প্রত্যাহারের দাবি জানান।

বিবৃতিতে তিনি উল্লেখ করেন, আগামী ৯ আগস্ট অনুষ্ঠিতব্য ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ উপলক্ষে দেশের সব আলিয়া মাদরাসাকে দাখিল (৬ষ্ঠ-১০ম) শ্রেণী থেকে একজন ছাত্র ও একজন ছাত্রী এবং আলিম (১ম ও ২য় বর্ষ) থেকে একজন ছাত্র ও একজন ছাত্রী নিয়ে পৃথক ফুটবল দল গঠন করে আগামী ৩০ জুলাইয়ের মধ্যে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডে তালিকা পাঠানোর নির্দেশনা দেয়া হয়েছে। মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, দেশের আলিয়া মাদরাসাগুলো ইসলামী আদর্শ, শরয়ি বিধান ও ধর্মীয় মূল্যবোধের ভিত্তিতে পরিচালিত হয়। এ বাস্তবতা উপেক্ষা করে এমন নির্দেশনা জারি করা মুসলিম জনগণের ধর্মীয় অনুভূতিতে আঘাত করার শামিল। খেলাধুলার নামে মাদরাসার স্বাতন্ত্র্য নষ্ট এবং ইসলামী পরিবেশে অযাচিত হস্তক্ষেপের কোনো প্রচেষ্টা দেশের ঈমানদার জনগণ মেনে নেবে না বলেও তিনি মন্তব্য করেন।