জাতীয় সংসদের স্পিকার মেজর (অব:) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপির সাথে সাক্ষাৎ করেছেন ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) মহাসচিব অ্যান্ডা ফিলিপের নেতৃত্বাধীন এক প্রতিনিধিদল। গতকাল স্পিকারের কার্যালয়ে এই আনুষ্ঠানিক সাক্ষাৎকালে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, বাংলাদেশের জনগণ চিরকালই গণতন্ত্রকামী। এ দেশের মানুষ গণতন্ত্র ও নিজেদের অধিকার পুনরুদ্ধারের জন্য বারবার জীবন উৎসর্গ করেছে। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে দেশের মানুষ অধিকার আদায়ে আত্মোৎসর্গ করতে কুণ্ঠিত হয়নি। এ দেশের মানুষ কখনোই স্বৈরাচারকে সমর্থন করেনি।
দেশের বিগত নির্বাচনগুলোর প্রেক্ষাপট তুলে ধরে স্পিকার বলেন, ২০০৮, ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের জাতীয় নির্বাচনগুলো ছিল মূলত প্রহসনের। এসব নির্বাচনের মাধ্যমে জনগণের গণতান্ত্রিক অধিকার লুণ্ঠন করে দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করা হয়। এরই ধারাবাহিকতায় ২০২৪ সালে ছাত্র-জনতার ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের মধ্যে দিয়ে বাংলাদেশের ইতিহাস থেকে স্বৈরাচারের অবসান ঘটে। পরবর্তীতে আয়োজিত সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনটি ছিল এ দেশের ইতিহাসে অন্যতম অবাধ, সুষ্ঠু ও প্রতিযোগিতাপূর্ণ নির্বাচন। তিনি আরো উল্লেখ করেন, বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক আশা-আকাক্সক্ষার প্রতীক হিসেবেই বর্তমান ত্রয়োদশ জাতীয় সংসদ তার দায়িত্ব পালন করে যাচ্ছে।
আইপিইউ মহাসচিব অ্যান্ডা ফিলিপ বলেন, এ দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের মাধ্যমে জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হয়েছে। প্রয়োজনীয় গণতান্ত্রিক সংস্কার ও সংশোধনের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমাদের যে দায়বদ্ধতা রয়েছে, তা থেকে আমরা মুক্ত হতে পারব।
তিনি আরো জানান, একটি শক্তিশালী, কার্যকর গণতান্ত্রিক সংসদ প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের আস্থা অর্জন করা এবং সংসদীয় গণতন্ত্রকে পূর্ণাঙ্গ রূপ দেয়া সম্ভব।



