সিলেট ব্যুরো
বেঙ্গল ব্রিটিশ আইকন অ্যাওয়ার্ডস-২০২৬ এ সম্মানিত হওয়ায় ড. সৈয়দ রাগীব আলীকে সংবর্ধনা প্রদান করেছে সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটি। মঙ্গলবার (১৪ জুলাই) বিশ্ববিদ্যালয়ের গ্যালারি-১ এ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লিডিং ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন। সংবর্ধনার জবাবে বিশিষ্ট সমাজসেবী ড. সৈয়দ রাগীব আলী প্রতিষ্ঠানের সব শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদেরকে ধন্যবাদ জানিয়ে লিডিং ইউনিভার্সিটিকে সামনে এগিয়ে নিয়ে যেতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। তিনি দেশ ও সমাজের উন্নয়নে কাজ করেই যেন বাকিটা জীবন কাটিয়ে দিতে পারেন সেজন্য সবার কাছে দোয়া কামনা করেন।
অনুষ্ঠানে ড. সৈয়দ রাগিব আলীকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে লিডিং ইউনিভার্সিটির ভিসি প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন বলেন, শিক্ষা, স্বাস্থ্য ও মানবকল্যাণমূলক কাজে ড. সৈয়দ রাগীব আলীর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। শিক্ষায় জাতির মেরুদণ্ড, তাই সমাজ ও দেশের উন্নয়নে শিক্ষার প্রসারকে প্রধান ভিত্তি হিসেবে নিয়ে তিনি প্রতিষ্ঠা করেছেন অনেক স্কুল, কলেজ, মাদরাসা, মেডিক্যাল কলেজ এবং দেশের স্বনামধন্য কয়েকটি বিশ্ববিদ্যালয়। তিনি লিডিং ইউনিভার্সিটি পরিবারের পক্ষ থেকে তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
বিশেষ অতিথির বক্তব্যে লিডিং ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান সৈয়দ আব্দুল হাই বেঙ্গল ব্রিটিশ আইকন পুরস্কারে ভূষিত হওয়ায় ড. সৈয়দ রাগীব আলীর প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন লিডিং ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন এবং সংবর্ধনা আয়োজক কমিটির আহ্বায়ক প্রফেসর ড. বশির আহমেদ ভূঁইয়া, কলা ও আধুনিক ভাষা অনুষদের ডিন প্রফেসর ড. মো: রেজাউল করিম। স্বাগত বক্তব্য দেন ইউনিভার্সিটির রেজিস্ট্রার মো: মফিজুল ইসলাম।
কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান কাজী মো: জাহিদ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন লিডিং ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সচিব ইঞ্জিনিয়ার মো: লুৎফর রহমান, প্রক্টর ও ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের প্রধান মো: মাহবুবুর রহমান, পরিচালক অর্থ ও হিসাব মোহাম্মদ কবির আহমেদ প্রমুখ।
বক্তারা ড. সৈয়দ রাগীব আলীকে রাষ্ট্রীয়ভাবে সম্মাননা প্রদান করার জন্য বর্তমান সরকারের প্রতি দাবি জানান।



