বিশ্বজুড়ে ওষুধের বাজার সম্প্রসারণ এবং উন্নত দেশগুলোতে প্রবেশাধিকার নিশ্চিত করতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) ‘মেচিউরিটি লেভেল-৩’ (এমএল-৩) সার্টিফিকেশন অর্জনকে প্রধান লক্ষ্য হিসেবে নিয়েছে বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল খাত। আগামী ২৪ নভেম্বর স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের চূড়ান্ত উত্তরণ ঘটতে যাচ্ছে। উত্তরণ-উত্তর সময়ে ট্রিপস চুক্তির আওতায় পেটেন্ট ছাড় সুবিধা শেষ হলেও এমএল-৩ অর্জন করতে পারলে বৈশ্বিক বাজারে দেশের ওষুধ খাতের অবস্থান আরো শক্তিশালী হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট উদ্যোক্তারা।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়ম অনুযায়ী, এমএল-৩ অর্জন দ্বারা একটি দেশের ওষুধ উৎপাদন ও বাজারজাতকরণে একটি শক্তিশালী, বিশ্বস্ত ও সুপ্রতিষ্ঠিত নিয়ন্ত্রক সংস্থা রয়েছে বলে গণ্য করা হয়। বাংলাদেশে ওষুধ খাতের মূল নিয়ন্ত্রক প্রতিষ্ঠান হিসেবে দায়িত্ব পালন করছে ওষুধ প্রশাসন অধিদফতর (ডিজিডিএ)। গত জুন মাসে ওষুধ শিল্প সমিতির নেতাদের সাথে বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে দেশের ফার্মাসিউটিক্যাল খাতের প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে এমএল-৩ অর্জন অত্যন্ত জরুরি। এই স্বীকৃতি মিললে নিয়ন্ত্রক ব্যবস্থার বৈশ্বিক গ্রহণযোগ্যতা বাড়বে এবং উন্নত দেশের বাজারে ওষুধ রফতানিতে ক্রেতাদের আস্থা তৈরি হবে।
২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশ মোট ২৩৮ মিলিয়ন ডলারের (প্রায় দুই হাজার ৮০০ কোটি টাকা) ওষুধ রফতানি করেছে। যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (ইউএসএফডিএ) অনুমোদিত কিছু কারখানা দেশে থাকলেও রফতানির বিশ্ববাজার এখনো সীমিত কিছু দেশেই অবরুদ্ধ। উদ্যোক্তারা জানান, টিকাসহ বেশ কিছু ওষুধে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রিকোয়ালিফিকেশন না থাকায় আন্তর্জাতিক সংস্থাগুলোর মাধ্যমে বড় পরিসরে সরবরাহের সুযোগ পাওয়া যাচ্ছে না। এমএল-৩ অর্জিত হলে গ্লোবাল ফান্ড, গ্যাভি ও ইউনিসেফের মতো সংস্থার বৈশ্বিক দরপত্রে অংশ নেয়ার যোগ্যতা অর্জন করবে বাংলাদেশী প্রতিষ্ঠানগুলো।
বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির সাধারণ সম্পাদক মো: হালিমুজ্জামান জানান, এমএল-৩ অর্জনে ডিজিডিএর পরিদর্শন দক্ষতা, ল্যাবরেটরির সক্ষমতা, গুণগত মান ব্যবস্থাপনা, প্রাতিষ্ঠানিক নথি সংরক্ষণ এবং বাজার নজরদারি ব্যবস্থা আন্তর্জাতিক মানে উন্নীত করতে হবে। তবে এর পাশাপাশি দেশীয় শিল্পে কাঁচামাল (এপিআই) উৎপাদন বৃদ্ধি, প্রযুক্তিগত আধুনিকায়ন এবং বিদ্যুৎ ও জ্বালানির নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেয়ার পরামর্শ দিয়েছেন তিনি।



