চাটাইয়ে বসে ব্র্যাক কর্মসূচি পরিদর্শন জাইমা রহমানের

Printed Edition

তৃণমূলে দরিদ্র মানুষের ভাগ্য ও জীবনমান উন্নয়নে ব্র্যাকের নানামুখী উদ্যোগ ও প্রকল্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর একমাত্র সন্তান ব্যারিস্টার জাইমা রহমান। গতকাল সকালে ওই প্রকল্প পরিদর্শন করতে ময়মনসিংহের ফুলবাড়িয়ায় উপস্থিত হন তিনি। সরেজমিন পরিদর্শনকালে উপজেলার দেওখোলা ইউনিয়নের পশ্চিম কালীবাজাইল গ্রামের মোতালেব ড্রাইভারের বাড়িতে ব্র্যাকের প্রথা অনুযায়ী তিনি চাটাইয়ে বসে ভুক্তভোগীদের সাথে উঠানবৈঠকে অংশ নেন। এ সময় তিনি একজন প্রতিবন্ধীসহ পাঁচ সদস্যের টিমের বক্তব্য শোনেন এবং ব্র্যাকের পরিকল্পনা অবহিত হন। এ সময় ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদের মেয়ে ‘ব্র্যাক এন্টারপ্রাইজেস’-এর এমপি তামারা হাসান আবেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ব্র্যাক কর্মকর্তারা ব্যারিস্টার জাইমা রহমানকে ব্র্যাকের উদ্যোগে গ্রামগঞ্জে দরিদ্র মানুষের ভাগ্যের উন্নয়নে এবং জীবনমান উন্নয়নে নানামুখী প্রকল্প ও কর্মসূচি অবহিত করেন। ব্র্যাকের আল্ট্রা-পুওর গ্র্যাজুয়েশন (ইউপিজি) প্রোগ্রামের আওতাধীন দেশের চরম দরিদ্র পরিবারগুলোকে বিশেষ করে নারীদের ২৪ মাসের একটি নিবিড় সহায়তার মাধ্যমে দারিদ্র্যসীমার ওপরে নিয়ে আসার একটি সফল ও বিশ্ব স্বীকৃত ব্যবস্থা সম্পর্কে জাইমা রহমানকে বিস্তারিত অবহিত করেন। ময়মনসিংহ অফিস ।