পদুয়ায় স্বাস্থ্যকেন্দ্র আছে, চিকিৎসক নেই

Printed Edition

মোছাদ্দেক হোসাইন লোহাগাড়া (চট্টগ্রাম)

  • মাতৃ ও শিশুসেবা এবং সাধারণ রোগের চিকিৎসাকার্যক্রম ব্যাহত
  • জনবল সঙ্কটের কারণে স্বাস্থ্যকেন্দ্রটির নিয়মিত চিকিৎসাসেবা প্রায় বন্ধ

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসকসহ অনুমোদিত পাঁচটি পদই দীর্ঘ দিন ধরে শূন্য রয়েছে। প্রয়োজনীয় জনবল না থাকায় এই সরকারি স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসাসেবা কার্যত বন্ধ হয়ে আছে। চিকিৎসা নিতে এসে স্বাস্থ্যকর্মীদের দেখা না পেয়ে ফিরে যাচ্ছেন রোগীরা। এতে ইউনিয়নের হাজারো মানুষ প্রাথমিক স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে।

গ্রামীণ মানুষের দোরগোড়ায় প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে প্রতিষ্ঠিত স্বাস্থ্যকেন্দ্রটি বর্তমানে নামেমাত্র চালু রয়েছে। চিকিৎসক, উপসহকারী কমিউনিটি মেডিক্যাল কর্মকর্তা ও নার্সসহ প্রয়োজনীয় জনবল না থাকায় নিয়মিত রোগী দেখা, মাতৃ ও শিশুসেবা এবং সাধারণ রোগের চিকিৎসা কার্যক্রম ব্যাহত হচ্ছে।

পদুয়া ইউনিয়নের তেওয়ারী হাট বাজার থেকে প্রায় এক কিলোমিটার উত্তরে নয়াপাড়া এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পূর্ব পাশে একতলা ভবনে স্বাস্থ্যকেন্দ্রটির অবস্থান।

সরেজমিন দেখা যায়, স্বাস্থ্যকেন্দ্রটির চারটি কক্ষই তালাবদ্ধ। রোগীদের বসার চেয়ারগুলো ভাঙাচোরা। ভবনের দেয়ালের রঙ উঠে গেছে। কোথাও শ্যাওলা জমেছে, কোথাও খসে পড়েছে পলেস্তারা। স্বাস্থ্যকেন্দ্রে এসে কাউকে না পেয়ে ফিরে যাচ্ছিলেন কয়েকজন রোগী।

পদুয়া ইউনিয়নের দরগাহ মূড়া এলাকার বাসিন্দা ইসমত আরা বলেন, তার দু’টি সন্তান। স্বামী নেই। বাড়ির কাছে হওয়ায় সন্তান অসুস্থ হলে তিনি স্বাস্থ্যকেন্দ্রে আসেন। তার ভাষায়, ‘কিছু ওষুধ ফ্রি পাই। অনেক সময় বন্ধ থাকে। তাই ফিরে যেতে হয়।’

স্থানীয় ইউপি সদস্য সাব্বির আহমদ বলেন, সরকারি অর্থে ভবন নির্মাণ করা হলেও চিকিৎসক না থাকায় মানুষ সেবা পাচ্ছে না। তার দাবি, প্রতিদিন ৬০ থেকে ১০০ জন রোগী এখানে চিকিৎসা নিতে আসেন। দ্রুত চিকিৎসকসহ প্রয়োজনীয় জনবল নিয়োগ করা দরকার।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, পদুয়া ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে অনুমোদিত পদ পাঁচটি। বর্তমানে সব ক’টি পদই শূন্য। জনবল সঙ্কটের কারণে স্বাস্থ্যকেন্দ্রটির নিয়মিত চিকিৎসাসেবা প্রায় বন্ধ। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন সহকারী স্বাস্থ্য পরিদর্শক অতিরিক্ত দায়িত্ব হিসেবে উপসহকারী কমিউনিটি মেডিক্যাল কর্মকর্তার কাজ করছেন।

লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুল্লাহ আল ইফরান বলেন, পদুয়া ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের জনবলসঙ্কটের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। শূন্য পদ পূরণের বিষয়টি স্বাস্থ্য অধিদফতরের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। জনবল নিয়োগ হলে স্বাস্থ্যকেন্দ্রটিতে পূর্ণাঙ্গ চিকিৎসাসেবা চালু করা সম্ভব হবে।

স্থানীয় বাসিন্দাদের দাবি, ইউনিয়নের মানুষের জন্য গুরুত্বপূর্ণ এই স্বাস্থ্যকেন্দ্রে দ্রুত চিকিৎসক ও অন্যান্য শূন্য পদে জনবল নিয়োগ দিয়ে নিয়মিত চিকিৎসাসেবা নিশ্চিত করা হোক।