স্কটল্যান্ডের স্বাধীনতার ওপর নতুন গণভোটের সুযোগ নেই : বার্নহ্যাম

Printed Edition

আলজাজিরা

ব্রিটেনের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার জন সুইনিকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, স্কটল্যান্ডের স্বাধীনতার জন্য নতুন করে কোনো গণভোটের সুযোগ নেই। দায়িত্ব গ্রহণের পর দুই নেতার প্রথম বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়। বৃহস্পতিবার গ্লাসগোতে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

ডাউনিং স্ট্রিটের এক মুখপাত্র বিবৃতিতে জানান, স্কটল্যান্ডের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে ক্ষমতা বিকেন্দ্রীকরণের একটি মডেল তৈরির বিষয়ে দুই নেতা আলোচনা করেছেন। এ লক্ষ্যে তারা কিভাবে আরও ঘনিষ্ঠভাবে কাজ করতে পারেন, তা নিয়েও কথা বলেন তারা।

অ্যান্ডি বার্নহ্যাম মনে করেন, যুক্তরাজ্যের সব সম্প্রদায়কে পুনরায় শিল্পায়নের আওতায় আনতে গভীর ক্ষমতা বিকেন্দ্রীকরণ একটি বাস্তব পরিবর্তন আনতে পারে। এই প্রক্রিয়ায় যুক্ত হওয়ার বিষয়ে স্কটিশ ফার্স্ট মিনিস্টারের সদিচ্ছাকে তিনি স্বাগত জানান।