ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশের ক্রীড়াঙ্গনের অনেক ইতিহাসের সাক্ষী মোহামেডান স্পোর্টিং ক্লাব। আজ থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপ উপলক্ষে মোহামেডান নিয়েছে একটি ব্যতিক্রমী পদক্ষেপ। বিশ্বকাপ চলাকালীন তাদের ফেসবুক পেজ থেকে বাংলাদেশের ফুটবল সংশ্লিষ্টদের নিয়ে নিয়মিত ‘বিশ্বকাপ আড্ডা’র আয়োজন করবে ক্লাবটি। এ উপলক্ষে গতকাল ক্লাব প্রাঙ্গণে এই বিশেষ অনুষ্ঠানের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
ক্লাবের এমন আমন্ত্রণে সাড়া না দিয়ে পারেননি সাবেক ফুটবল অধিনায়ক আমিনুল হক। আবেগ আপ্লুত কণ্ঠে প্রতিমন্ত্রী বলেন, মোহামেডান আমার আবেগের জায়গা। আমার ক্যারিয়ারের হাতেখড়ি। মোহামেডান থেকে পরে ফরাশগঞ্জে যাই, এর পরই জাতীয় দলে ডাক পাই। মোহামেডানের শুরুর দিকের সময়গুলো আমার ক্যারিয়ারে অনেক বড় ভূমিকা রেখেছে।
মোহামেডানের ফেসবুক পেজে ‘বিশ্বকাপ আড্ডা’র এই উদ্বোধনী অনুষ্ঠানে ক্লাবের সভাপতি বরকতউল্লাহ ভুলু, ডিরেক্টর ইনচার্জ লোকমান হোসেন ভূঁইয়া, একাধিক পরিচালক, স্থায়ী সদস্য ও ক্লাবের সাবেক তারকা ক্রীড়াবিদরা উপস্থিত ছিলেন।



