ঘানা ও আইভরি কোস্টে বন্যায় ৩০ জনের মৃত্যু

Printed Edition
আইভরি কোস্টের আবিদজানের আত্তেকৌবের বস্তি এলাকায় ভূমিধসে ক্ষতিগ্রস্ত বাড়িঘর  : ইন্টারনেট
আইভরি কোস্টের আবিদজানের আত্তেকৌবের বস্তি এলাকায় ভূমিধসে ক্ষতিগ্রস্ত বাড়িঘর : ইন্টারনেট

আলজাজিরা

পশ্চিম আফ্রিকায় টানা কয়েক দিনের মুষলধারে বৃষ্টির জেরে ঘানা ও আইভরি কোস্টে স্মরণকালের ভয়াবহ বন্যা ও ভূমিধস দেখা দিয়েছে। আকস্মিক এই দুর্যোগে এখন পর্যন্ত অন্তত ৩০ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এখনো বহু মানুষ নিখোঁজ থাকায় নিহতের সংখ্যা যেকোনো মুহূর্তে আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ঘানার রাজধানী আক্রা এখন কার্যত পানির নিচে। দেশটির জাতীয় ফায়ার সার্ভিসের মুখপাত্র অ্যালেক্স কিং নার্টে জানান, গত সোমবার থেকে শুরু হওয়া ভারী বর্ষণে কেবল আক্রাতেই মঙ্গলবার পর্যন্ত ১২ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এখনো অনেকে নিখোঁজ রয়েছেন। পরিস্থিতি সামাল দিতে উদ্ধারকারী দলগুলো রাতভর নিচু এলাকা এবং নিমজ্জিত ঘরবাড়ি থেকে দুর্গতদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়ার কাজ করেছে। গ্রেটার আক্রা অঞ্চলের ফায়ার সার্ভিস কমান্ডার রশিদ কওয়ামে নিসাউ জানান, মঙ্গলবার পর্যন্ত ৪ শতাধিক মানুষকে অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। বন্যা পরিস্থিতি কতটা ভয়াবহ, তা ফুটে উঠেছে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার উপপরিচালক মারিয়াম ডংয়েলা মিল্লাহর কথায়। তিনি জানান, সোমবার সকাল থেকেই ঘরে পানি ঢুকে পড়া বাসিন্দারা জীবন বাঁচাতে জরুরি সহায়তার জন্য হাহাকার শুরু করেন এবং পুরো আক্রা এখন পানির নিচে।

প্রতিবেশী দেশ আইভরি কোস্টেও গত শনিবার থেকে শুরু হওয়া অবিরাম বৃষ্টিতে বিপর্যয় নেমে এসেছে। আইভরি কোস্ট সরকার এখনো আনুষ্ঠানিকভাবে ক্ষয়ক্ষতির খতিয়ান প্রকাশ না করলেও দেশটির দমকল বাহিনী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি ঘনিষ্ঠ সূত্র নিশ্চিত করেছে যে, সেখানে বন্যা ও ভূমিধসে অন্তত ২০ জন প্রাণ হারিয়েছেন। এই চরম বিপর্যয়ের মুখে ঘানার স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ মুনতাকা মোবারক অকপটে স্বীকার করেছেন, এত বড় দুর্যোগ মোকাবিলায় সরকারের প্রস্তুতিতে ঘাটতি ছিল এবং তা আরো উন্নত করা যেত।