ফেরিঘাটে দুর্ঘটনায় দায়ীদের জবাবদিহি নিশ্চিত করতে হবে

শ্রমিক কল্যাণ ফেডারেশন

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে কুষ্টিয়া থেকে ঢাকাগামী এসবি পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যাওয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়ে গতকাল এক বিবৃতিতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান এবং কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লসকর মো: তসলিম বলেছেন, দৌলতদিয়া ফেরিঘাটে বারবার একই ধরনের দুর্ঘটনা ঘটলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপের অভাব অত্যন্ত হতাশাজনক।

প্রতিটি দুর্ঘটনার পর তদন্ত ও নিরাপত্তা জোরদারের আশ্বাস দেয়া হলেও বাস্তবে তার প্রতিফলন দেখা যায় না। দায়ীদের জবাবদিহি নিশ্চিত করতে হবে।

নেতৃদ্বয় বলেন, গতকালের ঘটনায় সৌভাগ্যক্রমে কোনো যাত্রীর প্রাণহানি ঘটেনি। তবে চালক ও সহকারী আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

উদ্ধারকারী জাহাজ ‘হামজা’, ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের সমন্বিত প্রচেষ্টায় বাসটি নদী থেকে উদ্ধার করা সম্ভব হয়েছে।

তারা অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত, দায়ীদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং দেশের সকল ফেরিঘাটে আধুনিক ও কার্যকর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানান।

একই সাথে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে বিআইডব্লিউটিএ, ফেরি কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট সব সংস্থাকে আরো দায়িত্বশীল ও জবাবদিহিমূলক ভূমিকা পালনের আহ্বান জানান।