রাজনগর (মৌলভীবাজার) সংবাদদাতা
মৌলভীবাজার জেলার রাজনগরে মঙ্গল বাউড়ি (৩৫) ও বিনতা বাউড়ি (৩৩) নামে দুই চা-শ্রমিকের আত্মহত্যার খবর পাওয়া গেছে। উপজেলা ম্যাথিউড়া চা-বাগানে গলায় ফাঁস লাগিয়ে তারা আত্মহত্যা করে। পুলিশ ঘটনাস্থল থেকে দু’জনের লাশ উদ্ধার করেছে। গতকাল রোববার ভোর ৬টার দিকে এ ঘটনা ঘটে।
রাজনগর থানা পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রোববার ভোর ৬টায় ম্যাথিউড়া চা-বাগানের কিছু শ্রমিক নিয়মিত কাজে বের হলে বাগানের ২০ নম্বর সেকশনের আকাশি টিলায় গাছে দু’জনের লাশ ঝুলতে দেখে। বিষয়টি বাগানের ম্যানেজার জাফর ইকবাল রাজনগর থানা পুলিশ ও স্থানীয় ইউপি সদস্য সত্যনারায়ণ নাইডুকে জানান।
জানা যায়, নিহত মঙ্গল বাউড়ি (৩৫) উপজেলার উদনা চা-বাগানের অমূল্য বাউড়ির ছেলে এবং একই বাগানের মৃত নিমাই বাউড়ির স্ত্রী তিন সন্তানের জননী বিনতা বাউড়ি (৩৩)। স্থানীয় সূত্র জানায়, দুই বছর আগে বিনতা বাউড়ির স্বামী নিমাই বাউড়ি ক্যান্সার আক্রান্ত হয়ে মারা গেলে স্ত্রী বিনতা বাউড়ির সাথে একই বাগানের মঙ্গল বাউড়ির মধ্যে সম্পর্ক গড়ে উঠে। দেড়মাস আগে কোর্টের মাধ্যমে বিয়ে কের তারা। বিষয়টি উভয়ের পরিবার মেনে নেয়নি। এ ঘটনায় আত্মহত্যা করেছে বলে ধারনা স্থানীয়দের।
রাজনগর থানার ওসি এনামুল হক চৌধুরী জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালে পাঠানো হয়েছে।



