প্রবাসীকল্যাণ মন্ত্রীর সাথে আইওএম বাংলাদেশের চিফ অব মিশনের সাক্ষাৎ

Printed Edition
আইওএম বাংলাদেশের একটি প্রতিনিধিদল গতকাল প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরীর সাথে সাক্ষাৎ করেন :  নয়া দিগন্ত
আইওএম বাংলাদেশের একটি প্রতিনিধিদল গতকাল প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরীর সাথে সাক্ষাৎ করেন : নয়া দিগন্ত

সিলেট ব্যুরো

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন আইওএম বাংলাদেশের নবনিযুক্ত চিফ অব মিশন ড. লরা টম বন্ড। গতকাল সোমবার মন্ত্রীর অফিসকক্ষে অনুষ্ঠিত এই বৈঠকে নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন নিশ্চিতকরণ এবং অভিবাসীদের কল্যাণে পারস্পরিক সহযোগিতা আরো জোরদার করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

আরিফুল হক চৌধুরী নিরাপদ ও সুশৃঙ্খল অভিবাসন নিশ্চিতকরণে আইওএমের ধারাবাহিক সমর্থন ও পেশাদারিত্বের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মন্ত্রণালয়ের প্রাতিষ্ঠানিক সক্ষমতা ও ডিজিটাল রূপান্তরের ওপর জোর দিয়ে মন্ত্রী জানান, ওআইডিএফ ফ্রেমওয়ার্কের মাধ্যমে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং এর অধীনস্থ সংস্থাগুলোর সক্ষমতা বৃদ্ধি করা হচ্ছে। একই সাথে সমন্বিত অভিবাসী তথ্য ও সেবা ব্যবস্থাপনা পদ্ধতি চালুর মাধ্যমে সামগ্রিক অভিবাসন সেবাকে আধুনিকায়ন করা হচ্ছে।

সভায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো: মোখতার আহমেদ বলেন, বাংলাদেশ বর্তমানে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সুবর্ণ সময় পার করছে। আমাদের বিপুল জনশক্তি রয়েছে, তবে দক্ষ রাষ্ট্রীয় সম্পদ হিসেবে তাদের পুরোপুরি কাজে লাগাতে আমাদের আরো সুপরিকল্পিত উদ্যোগ প্রয়োজন। আইওএমের কৌশলগত এবং কারিগরি সহায়তা এতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ড. লরা টম বন্ড জাতিসঙ্ঘের ‘গ্লোবাল কমপ্যাক্ট ফর সেফ, অর্ডারলি অ্যান্ড রেগুলার মাইগ্রেশন’ বাস্তবায়নে শীর্ষস্থানীয় দেশ হিসেবে দায়িত্বশীল ভূমিকা পালন করায় বাংলাদেশের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, সচেতনতা বৃদ্ধি, সফল পুনঃএকত্রীকরণ কর্মসূচি, নিরাপদ অভিবাসন এবং নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে বাংলাদেশ যেভাবে অনন্য অগ্রগতি প্রদর্শন করছে, তা ধরে রাখতে আইওএমের সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে।

এ সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো: সাইফুল হক চৌধুরী ও জিনাত আরাসহ মন্ত্রণালয় এবং আইওএম বাংলাদেশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।