নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ খেলাফাত মজলিসের আমির মাওলানা মামুনুল হক সীমান্তহত্যা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে বলেছেন, যে দিল্লির দাসত্বের শৃঙ্খলকে ভেঙে ২০২৪ সালে জুলাই যোদ্ধারা এ দেশের নতুন স্বাধীনতার সূর্য ছিনিয়ে এনেছে আজ দুর্বল পররাষ্ট্রনীতির কারণে সেই সূর্য অস্তমিত হওয়ার উপক্রম হয়েছে। সীমান্তে হত্যা হচ্ছে আর আমাদের শিলংয়ের মন্ত্রী সাহেব এটাকে ঘুরিয়ে পেঁচিয়ে বৈধতা দেয়ার অপচেষ্টা করছেন। তিনি (স্বরাষ্ট্রমন্ত্রী) বলছেন, অবৈধভাবে সীমান্ত পাড়ি দেয়ার সময় হত্যা করলে সেটা সীমান্তহত্যা নয়। আমরা তার বক্তব্য ঘৃণা ভরে প্রত্যাখ্যান করি। আমরা আমাদের সীমান্তে নিরাপত্তা প্রতিষ্ঠিত দেখতে চাই।
গতকাল চট্টগ্রামের লালদীঘি ময়দানে ১১ দলীয় ঐক্যের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ, জনদুর্ভোগ নিরসন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিভাগীয় সমাবেশে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বাজেটে জুলাই বিপ্লবের শহীদ পরিবারগুলোকে সম্মাননা জানানো এবং তাদেরকে প্রতি মাসে ভাতা দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে। ওই সিদ্ধান্তকে স্বাগত জানাই এবং সরকারকে সেজন্য ধন্যবাদ। সেইসাথে সরকারকে বলতে চাই, জুলাই বিপ্লবের পাটাতন তৈরি হয়েছিল শাপলা চত্বরে। সেই শাপলা চত্বরের শহীদ পরিবারকেও একই সাথে স্বীকৃতি ও সম্মাননা জানানোর জোর দাবি জানাচ্ছি।



