বগুড়া অফিস
বগুড়ায় জামায়াতে ইসলামী আয়োজিত এক সেমিনারে বক্তারা বলেছেন, চব্বিশের জুলাইয়ে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও শ্রমজীবীসহ সর্বস্তরের মানুষ যেভাবে ঐক্যবদ্ধ হয়েছিল, সেই ঐক্য ধরে রেখে বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে হবে। তারা বিভেদ ভুলে জুলাই অভ্যুত্থানের চেতনা ও শহীদদের আকাক্সক্ষা বাস্তবায়নে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান।
গত সোমবার বিকেলে নগরীর নবাববাড়ীস্থ টিএমএসএস অডিটোরিয়ামে জামায়াতে ইসলামী বগুড়া মহানগর ও জেলা শাখার উদ্যোগে ‘জুলাই অভ্যুত্থান : সাম্প্রতিক ভাবনা’ শীর্ষক সেমিনারে এ কথা বলা হয়।
বগুড়া মহানগর জামায়াতের আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মাহফুজুর রহমান আখন্দ।
বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, শিক্ষাবিদ অধ্যাপক সৈয়দ আব্দুল আজিজ এবং বগুড়া জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার।
বক্তারা গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণে সরকারের প্রতি আন্তরিক হওয়ার আহ্বান জানান। সেমিনার সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি মাওলানা মানসুরুর রহমান ও মহানগর সেক্রেটারি অধ্যাপক আ স ম আব্দুল মালেক।



