ডিসি সম্মেলনে উঠছে ৪৯৮ প্রস্তাব

ডিসিরা চান বাবুর্চি ইউএনওরা মালী

শামছুল ইসলাম
Printed Edition

দেশের সব জেলা প্রশাসকের বাসভবনে বাবুর্চি নিয়োগের প্রস্তাব দিয়েছেন মাদারীপুরের জেলা প্রশাসক। প্রস্তাবের পক্ষে তিনি যুক্তি উপস্থাপন করেছেন, দেশের জেলাগুলো এ বি এবং সি ক্যাটাগরি নির্ধারণ করায় সব জেলার প্রশাসকের বাসভবনে বাবুর্চি নেই। বাংলো শুধু জেলা প্রশাসকের বাসভবন নয়, এটি জেলা প্রশাসকের অফিসও। এজন্য জেলা প্রশাসকের বাসভবনে ক্যাটাগরি এ বি সি নির্বিশেষে সব জেলা প্রশাসকের বাসভবনে বাবুর্চি পদ সৃজনের সুপারিশ করা হয়েছে।

প্রতিটি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নতুন মালী পদ সৃজনের প্রস্তাব করেছেন ভোলার জেলা প্রশাসক। প্রস্তাবের পক্ষে যুক্তি উপস্থাপন করে তিনি বলেছেন, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধির জন্য মনোমুগ্ধকর ফুলের বাগান সৃজন করা, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের ফুলের বাগানগুলো রক্ষণাবেক্ষণের জন্য প্রতিটি উপজেলায় একটি নতুন মালী পদ সৃজন করা যেতে পারে। এমন ৪৯৮টি প্রস্তাব উঠছে এবারের জেলা প্রশাসক সম্মেলনে।

চার দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন শুরু হচ্ছে আগামী ৩ মে। সম্মেলনে উঠবে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের ৪৯৮ প্রস্তাব। এবার থাকবে রাষ্ট্রপতি ও স্পিকারের সাথে সাক্ষাৎ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসনে জয়লাভ করে সরকার গঠন করা বিএনপির এটিই প্রথম ডিসি সম্মেলন।

মন্ত্রিপরিষদ সূত্র জানায়, এবারের ডিসি সম্মেলন উপলক্ষে আটজন বিভাগীয় কমিশনার ও ৬৪ জেলার ডিসিদের কাছ থেকে এক হাজার ৭২৯টি প্রস্তাব পেয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। এর মধ্যে কার্যপত্রে অন্তর্ভুক্ত হওয়া ৪৯৮টি প্রস্তাবের ওপর সম্মেলনে আলোচনা হবে। প্রথম দিন সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান হবে। এরপর দুপুর ১২টায় হবে প্রধানমন্ত্রীর সাথে মুক্ত আলোচনা। সমাপনী অধিবেশনও ওসমানী স্মৃতি মিলনায়তনেই হবে। এছাড়া এবার রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন, প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, তিন বাহিনীর প্রধান ও স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সাথে জেলা প্রশাসকরা সাক্ষাৎ করবেন।

গত বছরই প্রথম ডিসি সম্মেলনে রাষ্ট্রপতির সাথে সাক্ষাতের বিষয়টি রাখা হয়নি। স্পিকার না থাকায় স্পিকারের সাথে সাক্ষাৎও হয়নি। এর আগের সব সম্মেলনেই রাষ্ট্রপতি-স্পিকারের সাথে সাক্ষাৎ হয়েছিল। এবার বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ হবে বলে জানা যায়।

সরকারের নীতিনির্ধারক, জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারদের মধ্যে সামনাসামনি মতবিনিময় এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেয়ার জন্য সাধারণত প্রতি বছর ডিসি সম্মেলনের আয়োজন করা হয়। গত বছর অন্তর্বর্তী সরকারের সময়ে ১৬-১৮ ফেব্রুয়ারি তিন দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

কার্য-অধিবেশনগুলোতে মন্ত্রণালয় ও বিভাগের প্রতিনিধি হিসেবে উপদেষ্টা, সিনিয়র সচিব ও সচিবরা উপস্থিত থাকবেন। অধিবেশনের সময় ৪৯৮টি ছাড়াও ডিসিরা তাৎক্ষণিক বিভিন্ন প্রস্তাব তুলে ধরবেন। কার্য অধিবেশনগুলোতে সভাপতিত্ব করেন মন্ত্রিপরিষদ সচিব।