সংক্ষিপ্ত সংবাদ

Printed Edition

সালিস বৈঠকে হামলা, আহত ৭

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের পাতিল্যাকুড়া গ্রামে জমি-সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির সালিস বৈঠককে কেন্দ্র করে হামলায় উভয় পক্ষের সাতজন আহত হয়েছেন। সোমবার দিনভর এলাকায় উত্তেজনা বিরাজ করে। স্থানীয় সূত্র জানায়, মৃত কপিল উদ্দিনের জমি কেনাবেচা ও খারিজ নিয়ে ফজলুল হকের সাথে নুরুন্নবী মিয়া ও এনশাদ আলীদের দীর্ঘদিনের বিরোধ মীমাংসায় গত শনিবার গ্রাম্য সালিস বসে। অভিযোগ, ফজলুল হকপক্ষ বৈঠকে অংশ না নিয়ে হামলা চালালে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে খোরশেদ আলম, আংগুর মিয়া, সাদেকুল ইসলাম, এমদাদুল হক, নুরুন্নবী মিয়া, এনশাদ আলী ও রাজু মিয়াসহ সাতজন আহত হন। স্থানীয়রা জানান, বিরোধ শান্তিপূর্ণভাবে নিষ্পত্তির চেষ্টা ব্যর্থ হওয়ায় পরিস্থিতির অবনতি হয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থার দাবি জানান। সাদুল্লাপুর থানার ওসি এ কে এম হাবিবুর রহমান বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। সাদুল্লাপুর (গাইবান্ধা) সংবাদদাতা।

শিশু ধর্ষণ অভিযোগে সৎবাবা আটক

মানিকগঞ্জের ঘিওরে ১১ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে তার সৎ বাবাকে আটক করেছে পুলিশ। সূত্র জানায়, উপজেলার বানিয়াজুরী এলাকায় স্ত্রী ও স্ত্রীর আগের ঘরের মেয়েকে নিয়ে বসবাস করতেন জুলহাস নামে এক মিলশ্রমিক। অভিযোগ, তিনি দীর্ঘদিন ধরে ভয়ভীতি দেখিয়ে শিশুটিকে যৌন নির্যাতন করে আসছিলেন। সর্বশেষ গত রোববার সকালে ধর্ষণের শিকার হওয়ার পরও হুমকির কারণে বিষয়টি গোপন রাখে শিশুটি। গতকাল সোমবার মায়ের কাছে ঘটনা জানালে তিনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সহায়তায় থানায় অভিযোগ করেন। ঘিওর থানার ওসি মীর মাহবুবুর রহমান বলেন, অভিযুক্তকে আটক এবং ভুক্তভোগীর চিকিৎসা ও ডাক্তারি পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। ঘটনার তদন্ত ও আইনগত প্রক্রিয়া চলছে। ঘিওর (মানিকগঞ্জ) সংবাদদাতা।

আদমদীঘির মসজিদে চুরির চেষ্টা

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার নতুন বাজার এলাকার বায়তুন নূর জামে মসজিদে থাই গ্লাসের ফ্রেম চুরির ঘটনা ঘটেছে। থানায় দেয়া অভিযোগে বলা হয়, শনিবার রাতে এশার নামাজ শেষে মসজিদের বারান্দায় ঘুমিয়ে ছিলেন মোয়াজ্জিম মোহাম্মদ মজিদ। গভীর রাতে শব্দ পেয়ে জেগে উঠেন এবং কয়েকজনকে মসজিদের দক্ষিণ পাশের থাই গ্লাস খুলতে দেখেন। চিৎকার দিলে চোরেরা গ্লাস ফেলে রেখে শুধু ফ্রেম নিয়ে পালিয়ে যায়। পরে মসজিদ কমিটির ক্যাশিয়ার শামছুর রহমান থানায় লিখিত অভিযোগ করেন। তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক প্রতুল কুমার মণ্ডল বলেন, অভিযোগ পাওয়া গেছে। চুরি হওয়া ফ্রেম উদ্ধার ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হবে। আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা।

ঝালকাঠিতে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

ঝালকাঠির নলছিটি উপজেলার নাচনমহল বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সাফিয়া সুলতানার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে মা মেডিক্যাল হলকে ১২ হাজার টাকা, বিশ্বাস মেডিক্যাল হল ও শাহ আলম স্টোরকে এক হাজার টাকা করে জরিমানা করা হয়। এ ছাড়া মূল্য তালিকা প্রদর্শন না করায় লাইভ বেকারিকে তিন হাজার এবং রাকিব স্টোরকে এক হাজার টাকা জরিমানা করা হয়। সাফিয়া সুলতানা বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় এ জরিমানা করা হয়েছে। বাজারে নিরাপদ খাদ্য ও ওষুধ নিশ্চিত করতে এবং অনিয়ম রোধে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। ঝালকাঠি প্রতিনিধি।

ভুরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে মাদকের বিস্তার রোধ ও যুবসমাজকে রক্ষার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলার তিলাই মোড়ে স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন। সমাবেশে তিলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল, সাবেক চেয়ারম্যান ফরিদুল হক শাহিন শিকদার, তিলাই উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন, এনসিপির উপজেলা সমন্বয়ক মাহফুজুল ইসলাম কিরণ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গোলাম ইয়াছিন, ভুরুঙ্গামারী থানার ওসি আজিম উদ্দিন ও স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান বক্তব্য দেন। বক্তারা মাদকমুক্ত ইউনিয়ন গড়তে মাদক কারবারিদের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের দাবি জানান। ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) সংবাদদাতা।

ফেনীতে ‘ক্লিন ফেনী’ কর্মসূচি শুরু

পরিচ্ছন্ন জেলা গড়ার লক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে গতকাল সোমবার ‘ক্লিন ফেনী’ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসক কার্যালয়ের সামনে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মনিরা হক। এ সময় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো: দিদারুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আল আমিন সরকার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফাতিমা সুলতানা, এ কে এম ফয়সাল, রিফাত আসমা, পৌর নির্বাহী কর্মকর্তা মো: সামছুদ্দিন, নির্বাহী প্রকৌশলী মো: জাকির উদ্দিনসহ বিভিন্ন দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ কর্মসূচির আওতায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, রেলস্টেশন, বাজার, সড়ক ও জনসমাগমস্থলে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হবে। একই সময়ে জেলার ছয় উপজেলাতেও কর্মসূচি শুরু হয়। জেলা প্রশাসক বলেন, নিয়মিত এ উদ্যোগ চালু থাকলে জনসচেতনতা বাড়বে এবং সবার অংশগ্রহণে পরিচ্ছন্ন ফেনী গড়ে তোলা সম্ভব হবে। ফেনী অফিস।

মানবপাচার মামলার আসামি গ্রেফতার

মাদারীপুরের ডাসার থানায় দায়ের করা মানবপাচার মামলার আসামি শহিদুল মোল্লা (৪৫) গ্রেফতার হয়েছেন। গতকাল সোমবার ভোরে শিবচর উপজেলার নিলখী এলাকা থেকে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাকে গ্রেফতার করে পুলিশ। মামলার অভিযোগে বলা হয়, ডাসার উপজেলার হৃদয় মাতুব্বরকে ইতালি পাঠানোর প্রলোভন দেখিয়ে ২১ লাখ টাকা নেয়া হয়। পরে তাকে লিবিয়ায় নিয়ে জিম্মি করে নির্যাতনের ভিডিও পাঠিয়ে পরিবারের কাছ থেকে আরো ২৪ লাখ ৫০ হাজার টাকা আদায় করা হয়। এরপর ভুক্তভোগীর স্বজনরা আদালতের নির্দেশে ১১ জনের বিরুদ্ধে মামলা করেন। ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: সোলায়মান মাহমুদ বলেন, গ্রেফতার আসামিকে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। মাদারীপুর প্রতিনিধি।

সাপের দংশনে স্কুলছাত্রের মৃত্যু

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ছয়ঘরিয়া গ্রামে ঘুমন্ত অবস্থায় সাপের দংশনে আব্দুল্লাহ (১২) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। স্বজনদের অভিযোগ, প্রথমে কবিরাজের শরণাপন্ন হওয়ায় হাসপাতালে নিতে বিলম্ব হয়। গত রোববার গভীর রাতে এ ঘটনা ঘটে। আব্দুল্লাহ স্থানীয় ঘোলদাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী। পরিবারের সদস্যরা জানান, রাতে ঘুমের মধ্যে সাপ দংশন করলে প্রথমে তাকে পরপর দু’জন কবিরাজের কাছে নেয়া হয়। অবস্থার অবনতি হলে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আলমডাঙ্গা থানার ওসি বানী ইসরাইল বলেন, হাসপাতালের সনদ পাওয়ার পর বিষয়টি যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে। দামুড়হুদা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা।