ক্রীড়া ডেস্ক
গ্লেন ফিলিপসের দুর্দান্ত ব্যাটিংয়ে ওভাল টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনে শক্ত অবস্থানে পৌঁছেছে নিউজিল্যান্ড। ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি তুলে নিয়ে দলকে ৩৯১ রানে পৌঁছে দেন ফিলিপস। শেষ পর্যন্ত তিনি ঠিক ১০০ রান করে আউট হন।
প্রথম দিনের খেলা শেষে নিউজিল্যান্ডের ল্য ছিল ৩৫০ রানের গণ্ডি পার করা; কিন্তু দ্বিতীয় দিনের সকালে ফিলিপসের দৃঢ়তা ও ইংল্যান্ডের হতাশাজনক বোলিং সেই সংগ্রহকে আরো বড় করে দেয়। আরো ১০০ রান যোগ করে অলআউট হয় সফরকারীরা।
দ্বিতীয় দিনের শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন ফিলিপস। দিনের দ্বিতীয় বলেই তিনি ফিফটি পূর্ণ করেন। ইংল্যান্ড শর্ট বলের কৌশল নিয়ে নামলেও সেটি উল্টো তাদের জন্য ব্যয়বহুল হয়ে ওঠে। ফিলিপস নিয়মিত বাউন্ডারি আদায় করতে থাকেন এবং নিচের সারির ব্যাটারদের সাথে গুরুত্বপূর্ণ জুটি গড়ে তোলেন। বিশেষ করে কাইল জেমিসনের সাথে অষ্টম উইকেটে ৮৭ রানের জুটি নিউজিল্যান্ডকে বড় সংগ্রহের ভিত গড়ে দেয়। জেমিসনও কার্যকর ইনিংস খেলেন, করেন ৪১ রান। তবে ইংল্যান্ডের ফিল্ডিংও ছিল হতাশাজনক। ক্যাচ মিস ও একাধিক ভুল নিউজিল্যান্ডকে বাড়তি সুযোগ দিয়েছে।



