খুলনা ব্যুরো
খুলনা মহানগরীতে ডেঙ্গু জ্বরের সংক্রমণ আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। এ প্রেক্ষাপটে ডেঙ্গু ও চিকুনগুনিয়া সংক্রমণ হ্রাসে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে গতকাল সোমবার নগরীর সোনাডাঙ্গা পিডব্লিউডি মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা সভা ও মতবিনিময়ের আয়োজন করে। পিডব্লিউডি স্কুল ছাড়াও সোনাডাঙ্গা থানা এলাকার বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকরা এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু ডেঙ্গু এবং চিকুনগুনিয়া প্রতিরোধে সরকারি নির্দেশনা মেনে তিন মাস আগে থেকে কাজ শুরু করা হয়েছে। শহর পরিষ্কার পরিচ্ছন্ন করার পাশাপাশি নগরবাসীকে নিরাপদ রাখতে সচেতনতা বৃদ্ধির জন্যও সর্বশক্তি নিয়োজিত করেছি। কিন্তু ডেঙ্গু সংক্রমণ হ্রাসে আশানুরূপ ফল আসছে না। নগরবাসীকে নিরাপদ রাখতে হলে শুধু সড়ক ও ড্রেন নয়, প্রত্যেকের বাড়িঘরে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে হবে। ঝোপঝাড় ও বদ্ধপানি অপসারণ করতে হবে।
অনুষ্ঠানে প্রশাসক বন্ধুমহলে ও পরিবারের মধ্যে ডেঙ্গু বিষয়ে সচেতনতা গড়ে তোলার জন্য শিক্ষার্থীদের ভূমিকা রাখার অনুরোধ জানান এবং সপ্তাহে অন্তত একদিন শিক্ষাপ্রতিষ্ঠানের নিজস্ব ক্যাম্পাস পরিষ্কার করতে উদ্যোগী হওয়ার জন্য শিক্ষকদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষ পর্বে শিক্ষার্থীদের অংশগ্রহণে ডেঙ্গু বিষয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রশাসক কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
স্কুলের প্রধান শিক্ষক মো: লিয়াকত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ ও জেলা শিক্ষা কর্মকর্তা এস এম ছায়েদুর রহমান। অন্যান্যের মধ্যে কেসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো: আনিসুর রহমান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা: শরীফ শাম্মিউল ইসলাম, কঞ্জারভেন্সি অফিসার মো: অহিদুজ্জামান খান, সমাজসেবক আসাদুজ্জামান মুরাদ, শেখ জামিরুল ইসলাম জামিল, সাবেক কাউন্সিলর রাবেয়া ফাহিদ হাসনাহেনা উপস্থিত ছিলেন।



